২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মহাসমারোহে জন্মাষ্টমী পালন হচ্ছে

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রোববার চট্টগ্রামে শ্রী কৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 06:15 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

চট্টগ্রাম, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রোববার চট্টগ্রামে শ্রী কৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী পালিত হচ্ছে। নগরীর জেএম সেন হলে চারদিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের আয়োজন করেছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় মহাসম্মেলন, মহাশোভাযাত্রা, ধর্মসভা, লীলা প্রদর্শন এবং নাম সংকীর্তন। রোববার সকাল দশটায় জেএম সেন হল চত্বর থেকে বিশাল মহাশোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এম আকবর আলী। হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। এসময় পরিষদের সভাপতি সুজিত কুমার বিশ্বাস মন্টু, সাধারণ সম্পাদক কাজল বরণ দত্ত, উৎসব কমিটির চেয়ারম্যান সুকুমার চৌধুরী, কৈবলধামের মোহন্ত মহারাজ অশোক চট্টোপাধ্যায়সহ বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি নগরীর আন্দরকিল্লা, লালদীঘির মোড়, কোতোয়ালী নিউ মার্কেট, বৌদ্ধ মন্দির হয়ে আবার জেএম সেন হলে এসে শেষ হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি দেবাশীষ পালিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে জেএম সেন হল চত্বরে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার থেকে হবে তিনদিনব্যাপী নাম সংকীর্তন। জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম হিন্দু ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় হিন্দু সমন্বয় পরিষদ এবং শান্তনেশ্বরী মন্দিরের উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। মহানগরী ছাড়াও জেলার অন্যান্য স্থানেও ধর্মীয় উদ্দীপনায় পালিত হচ্ছে জন্মাষ্টমী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১২০৮ঘ.