২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভী রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে

২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে প্রাণ হারানো আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 05:59 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে প্রাণ হারানো আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে রোববার। সকালে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত আওয়ামী লীগ নেত্রীকে স্মরণ করেন পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা। পরিবারের সদস্যদের নিয়ে সকালে সবার আগে স্ত্রী'র কবরে ফুল দেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। এসময় তিনি বলেন, "আইভী নিজের প্রাণ দিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিল। তাকে ছাড়া আমার এক মুহূর্তও কাটে না।" জিল্লুর রহমান দাবি করেন, বিগত চারদলীয় জোট সরকারই ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিল। সেজন্যই আওয়ামী লীগ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই হামলার বিচার দাবি করছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান। এ সময় তার দু'পা উড়ে যায়। ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার দু'দিন পর ২৪ আগস্ট মারা যান তিনি। ওই ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত ও কয়েকশ' আহত হয়। রোববার সকালে জিল্লুর রহমান, তার ছেলে নাজমুল হাসান পাপন, পুত্রবধূ, নাতি ও ছোট মেয়ে তনিমা রহমান ময়না আইভী রহমানের কবরে ফুল দেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে জাতীয় মহিলা পরিষদ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আছরের নামাজের পর জিল্লুর রহমানের গুলশানের বাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য আইভী রহমানের জন্ম ১৯৪৪ সালের ৭ জুলাই। তার বাবা জালালউদ্দিন আহমেদ ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এসকে/১১৫০ঘ.