নাটোর, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিককে মারধর করায় শুক্রবার সকাল থেকে নাটোর-লালপুর বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে নাটোর বাস মালিক সমিতি।
শ্রমিককে মারধরকারী ব্যবসায়ীর শাস্তি এবং লালপুরে স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছে সমিতি।
মারধরে আহত তিন শ্রমিক আবুল কালাম (২৮), মুনির উদ্দিন (২০) ও সেলিম রেজাকে (৩২) লালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, সকালে লালপুর ত্রিমোহনী মোড়ে একটি দোকানের সামনে ইয়াদ নামের একটি বাস দাঁড় করালে দোকান মালিক আব্দুর রশিদ ও বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওই দোকান মালিক আরও কয়েকজনকে নিয়ে তিন বাস শ্রমিককে মারধর করেন।
ওসি জানান, এই ঘটনার প্রতিবাদে লালপুর-নাটোর রুটে চলাচলকারী ৩২টি বাস বন্ধ করে দেয় মালিক সমিতি।
বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাস মালিক সমিতির লালপুর স্টেশন মাস্টার লিটন প্রামাণিক জানান, স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা না হলে এই রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া হামলাকারী ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তিও দিতে হবে।
ব্যবসায়ী আব্দুর রশিদ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেছেন, নিষেধ সত্ত্বেও বাসগুলি তার দোকানের সামনে দাঁড় করানোর ফলে তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩৮ ঘ.
bdnews24