২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবেক জাগ্রত রাখলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে না বলতে হবে। তিনি বলেন, "নিজের বিবেক জাগ্রত রাখলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

হবিগঞ্জ, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে না বলতে হবে। তিনি বলেন, "নিজের বিবেক জাগ্রত রাখলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব।" বৃহস্পতিবার হবিগঞ্জে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠানে এবং দুর্নীতি প্রতিরোধে আন্তঃধর্মীয় সম্মেলনে দুদক চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন, "দুর্নীতি ঘটে অন্ধকারে। দুর্নীতির বিরুদ্ধে লড়তে হয় আলোতে। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা কঠিন কাজ। এ অসাধ্য সাধন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।" হবিগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসক মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. রেজাউল করিম। স্থানীয় কিবরিয়া পৌর মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে আন্তঃধর্মীয় সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, "সব ধর্মের লোকেরা যদি নিজেদের মধ্যে সৃষ্টিকর্তার অস্তিত্ব অনুভব করেন তাহলে তারা দুর্নীতি মুক্ত থাকতে পারবেন।" সম্মেলনে আরও বক্তব্য রাখেন- হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ'র প্রধান ইমাম মাওলানা গোলাম মোস্তফা, রামকৃষ্ণ মিশন এর অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দজী মহারাজ, সিলেট চার্চের ডা. সজল দেওয়ান, বৌদ্ধ ভিক্ষু বিপুল ভংশ ও অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য। এর আগে সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুদক চেয়ারম্যান। সেখান থেকে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে দুর্নীতি বিরোধী সেমিনারে যোগ দেন তিনি। সেমিনারে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান হাসান মশহুদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.