ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে থেকে ফিরিয়ে আনা পাচারকৃত টাকা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
বিদেশ থেকে ফিরিয়ে আনা পাচারকৃত টাকা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ফেরত দেওয়া হবে- কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত এমন খবর সম্পর্কে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এমনকি যাদের বা যে প্রতিষ্ঠানের পাচারকৃত টাকা আনা হয়েছে সেই টাকা ভবিষ্যতে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের করের (ট্যাক্স) সঙ্গে কোন ধরনের সমন্বয়ও করা হবে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সফররত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র ম্যানেজার সাদিক আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জ্জা আজিজুল বলেন, "বিদেশে পাচার হওয়া ফেরত আসা টাকা ফিরিয়ে দেওয়ার কোন প্রশ্নই আসে না। এ ধরনের কোন উদ্যোগ সরকার গ্রহণ করেনি। ভবিষ্যতেও করবে না- এটা আমি নিশ্চিত করে বলতে পারি।"
যাদের বা যে প্রতিষ্ঠানের পাচার হওয়া টাকা ফেরত আনা হয়েছে সেই টাকা ভবিষ্যতে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের করের (ট্যাক্স) সঙ্গে সমন্বয় করারও কোন সম্ভাবনা নেই বলে জানান মির্জ্জা আজিজুল ইসলাম।
বিদেশে পাচার হওয়া বাকি টাকা ফেরত আনার ব্যাপারে সরকারের তৎপরতা ঝিমিয়ে পড়েছে কিনা- প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "বাংলাদেশ ব্যাংক সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। তবে এ কথা ঠিক এটি সময় সাপেক্ষ ব্যাপার। নানা ধরনের আইনী জটিলতা আছে। যেদেশে টাকা পাচার হয়েছে সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি করতে হবে- এসব কারণে পাচার হওয়া বাকি টাকা ফেরত আনতে সময় লাগছে।"
সরকার বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আগের অবস্থান থেকে মোটেই সরে আসেনি বলেও দাবি করেন মির্জ্জা আজিজুল।
এ টাকা দেশে কোন খাতে ব্যয় হবে- এ সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারের বাজেটে অপ্রত্যাশিত খাত নামে একটি খাত আছে। ফেরত আসা টাকা ওই খাতে রাখা হয়েছে। সরকার এই খাত থেকে প্রয়োজন অনুসারে বিভিন্ন খাতে ব্যয় করবে।"
গত ৯ জুন বাজেট উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, এ পর্যন্ত মোট ১ হাজার ২০০ কোটি টাকা ফেরত এসেছে।
অর্থ উপদেষ্টা জানান, বিশ্বব্যাংক চলতি অর্থ বছরের বাজেট সহায়তা বাবদ ১৩০ মিলিয়ন ডলার দেবে বলে বৈঠকে বিশ্বব্যাংক কর্মকর্তারা জানিয়েছে। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাংক এই টাকা ছাড় করবে।
এশীয় উন্নয়ন ব্যাংক চলতি অর্থ বছরে বাজেট সহায়তা খাতে ১৭০ মিলিয়ন ডলার ইতোমধ্যে ছাড় করেছে জানান তিনি।
এই বাজেট সহায়তা খাদ্য নিরাপত্তা ও সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন খাতে ব্যয় করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জিএনএ/১৫১২ ঘ.
bdnews24