চাঁদপুর. আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরকে কষ্ট দিয়ে লাভ না করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। পাশাপাশি কম দামে খাবার পাওয়ার জন্য খাদ্য উৎপাদন বাড়ানোর দিকে জোর দেওয়ারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, "আপনারা লাভ করেন, তবে অপরকে কষ্ট দিয়ে নয়।"
বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদগঞ্জ উপজেলার জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান মইন এ কথা বলেন।
মইন উ আহমেদ আরও বলেন, "দেশ আমাদের অনেক দিয়েছে; আমাদেরও অনেক দেওয়ার আছে। শুধু দাবি করলে হবে না। আমি দেশকে কতটুকু দিয়েছি সেটা দেখতে হবে। সবাই মিলে যদি একটু একটু করে দেশকে দিই তাহলে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিচিত পাবে।"
দেশের মানবসম্পদকে মহাসম্পদ অভিহিত করে তিনি বলেন, "এই সম্পদকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ হাতে পরিণত করতে হবে।"
ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে জেনারেল মইন বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রথম বাংলাদেশে ছবিযুক্ত ভোটার তালিকার কাজ হল। ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে বিদেশি অনেক সংস্থা চার বছর সময় এবং খরচ বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা চেয়েছিল। অথচ বাংলাদেশ সেনাবাহিনী মাত্র দশ মাসের কম সময়ে ৫৪৬ কোটি ব্যয়ে ছবিযুক্ত ভোটার ও জাতীয় পরিচয়পত্রের কাজ শেষ করেছে।
এই সাফল্যের কারণে ভবিষ্যতে ইউরোপের কোনো দেশ বাংলাদেশের সাহায্য চাইতেও পারে বলে মন্তব্য করেন সেনাপ্রধান।
তিনি জানান, এ পর্যন্ত ৮ কোটি ৮ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে। সর্বশেষ ভোটার তালিকায় ৯ কোটি ৩০ লাখ ভোটার ছিল। এর ১৬ শতাংশই ছিল ভুয়া ভোটার।
মইন উ আহমেদ বলেন, "একটি ভাল নির্বাচনের জন্য ভাল ভোটার তালিকা প্রয়োজন। যা আমরা করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে দেশবাসী শুধু একটি ভোটার তালিকা পায়নি, একটি জাতীয় পরিচয়পত্রও পেয়েছে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আনোয়ার হোসেন, ৪৪ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার সাব্বির আহমেদ, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তাজুল ইসলাম প্রমুখ।
এরপর সেনাপ্রধান চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরে ডাকাতিয়া নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ প্রকল্পের উদ্বোধন করেন।
এছাড়া তিনি পরিদর্শন করেন ঘোড়ামারায় নদীতে খাচায় মাছ এবং আশ্রায়ন এলাকায় মাশরুম চাষ প্রকল্প। সেখানে পাম গাছের চারা রোপণ করেন পাম চাষ প্রকল্প উদ্বোধন করেন জেনারেল মইন।
আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, সেনাপ্রধান বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
তিনি বলেন, "সম্মিলিতভাবে চেষ্টা করলে ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব।"
জেনারেল মইন বলেন, "সমবায় সমিতির মাধ্যমে বিত্তবানরা বেকার যুবকদের কাজের সুযোগ করে দিলে দেশে বেকারত্ব থাকবে না।"
এর আগে তিনি স্থানীয় আহম্মদ বহুমুখী সমবায় সমিতির সমন্বিত দুগ্ধ খামার, বায়োগ্যাস প্ল্যান্ট, বায়ো বিদ্যুৎ, মাশরুম চাষ, জলাশয়ে হাঁস পালন কর্মসূচি উদ্বোধন এবং হাজীপুর ইউনিয়ন পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন।
সেনাপ্রধান তার লেখা বইয়ের জন্য পাওয়া ১৫ লাখ টাকা আহম্মদ বহুমুখী সমবায় সমিতিকে দিয়েছেন।
তিনি বলেন, এই বায়ো বিদ্যুৎ প্রকল্প থেকে ১২০টি পরিবার থেকে বিদ্যুৎ পাবে এবং বায়ো প্ল্যান্ট থেকে উৎপাদিত জৈব সার এলাকার কৃষকরা কৃষি কাজে ব্যবহার করে অধিক ফসল ফলাতে পারবে।
সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা অঞ্চলের জিওসি মেজর জেনারেল আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবদুল হক, নোয়াখালী সেনা ইউনিট প্রধান কর্নেল এজাজ হাকিম আফ্রিদি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এর পর সেনাপ্রধান চৌমুহনী পৌর এলাকার হাজীপুরে বিশুদ্ধ পানির একটি প্লান্ট উদ্বোধন করেন।
জেনারেল মইন দুদিনের সফরে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী এসে পৌঁছান। শুক্রবার নোয়াখালী সার্কিট হাউজে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এএল/জিএনএ/এমএসবি/২০০৮ ঘ.
bdnews24