ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে 'জামায়াত অধ্যুষিত ঢাবি প্রশাসন, জামায়াতপন্থী শিক্ষক ও সেনা গোয়েন্দা সংস্থা' হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন জীববিজ্ঞান অনুষদের ডিন পদে পরাজিত প্রার্থী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ ধরনের আর কোনো নির্বাচনে 'মুক্তবুদ্ধি ও প্রগতির স্বপক্ষের' শিক্ষকদের অংশ না নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে বুধবার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান অধ্যাপক ড. আনোয়ার।
মঙ্গলবার তিনি ডিন নির্বাচনে সাদা দলের প্রার্থী ড. মো. আবুল বাশারের কাছে ২১ ভোটে পরাজিত হন।
লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, "বিএনপি-জামায়াত জোট আমল ও সেনাচালিত বর্তমান সরকারের আমলে প্রশাসনের সর্বস্তরে জামায়েতিকরণ; মেধা ও যোগ্যতার ভিত্তিতে নয়, সম্পূর্ণ দলীয় বিবেচনায় জামায়েতপন্থীদের শিক্ষক হিসেবে ব্যাপক নিয়োগ এবং সেই সঙ্গে সোনা গোয়েন্দা সংস্থার সঙ্গে একজোট হয়ে নির্বাচনে নগ্ন হস্তক্ষেপের পরিণতি হচ্ছে এবারের ডিন নির্বাচনের ফলাফল।"
নির্বাচন কীভাবে প্রভাবিত করা হয়েছে- প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে তিনি বলেন, "সেনাগোয়েন্দা সংস্থা বিশেষ নম্বর থেকে শিক্ষকদের ফোন করেছে। নির্বাচনের আগের রাতে ডিজিএফআই আমাকে ফোন করে বলেছে, তারা জরুরিভিত্তিতে কথা বলতে ও দেখা করতে চায়। এটা খুবই খারাপ।"
সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক হোসেন মনসুর, আইন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মকবুল আহমেদও উপস্থিত ছিলেন।
অধ্যাপক হোসেন মনসুর আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে নীল দলের হয়ে নির্বাচন করে পরাজিত হয়েছেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে ১০ অনুষদের আটটিতেই বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দল জয়ী হয়েছে। এর মধ্যে একটিতে সাদা দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। আওয়ামী লীগ ও বামপন্থী সমর্থিত নীল-গোলাপি যৌথ প্যানেলের শিক্ষকরা জয়ী হয় দুটি অনুষদে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/এমএইচবি/২০৪৫ ঘ.
bdnews24