আবু নোমান সজীব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট হামলার মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওই মামলায় পুলিশের তদন্তে এ তথ্যই বেরিয়ে এসেছে।
মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান জাবেদ পাটেয়ারি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি (হুজি) মনে করে, আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী। এ কারণে তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়।"
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। আহত হয় সাংবাদিকসহ শতাধিক লোক। বিস্ফোরণের শব্দে শেখ হাসিনার কানও ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করান। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া শেখ হাসিনা বর্তমানে সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন।
কয়েকবার তদন্ত কর্মকর্তা বদলের পর চলতি বছরের ১১ জুন সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেন সিআইডি কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণ থেকে আমরা ২১ আগস্টের হামলার সঙ্গে হরকাতুল জিহাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি। গ্রেপ্তারকৃতদের দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় অনেক আলেমকে গ্রেপ্তার ও হয়রানি করেছিল। হুজি মনে করত, আওয়ামী লীগ ইসলামের প্রসার চায় না। সে জন্যই তারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়।"
২১ আগস্টের আগেও শেখ হাসিনাকে হত্যার জন্য হুজি কয়েকবার পরিকল্পনা করেছিল বলে ফজলুল কবীর জানান।
তিনি বলেন, "প্রথমবার কোটালিপাড়ায় ড্রামভর্তি বিস্ফোরক পাওয়া যায়, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই তা জড়ো করা হয়েছিল। দ্বিতীয়বার ২০০১ সালে শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় সিলেটে গেলে জঙ্গি নেতা ডা. জাফর বোমা নিয়ে সেখানে যান। কিন্তু শেখ হাসিনার হযরত শাহজালাল ও শাহ পরানের মাজারে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। ফলে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।"
"এরপর ডা. জাফর ওই বোমা নিয়ে সিলেটে আরেক জঙ্গিনেতা ডা. রিফাতের বাসায় উঠলে ব্যাগ থেকে বোমাটি বের করার সময় তা বিস্ফোরিত হয়ে দুই জন মারা যায়। এরপর ২১ আগস্টের গ্রেনেড হামলা চালায় তারা", বলেন তদন্ত কর্মকর্তা।
২১ আগস্টের মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে আসামি করা হলেও তদন্তে মূল ধারার কোনও রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানান সিআইডি প্রধান জাবেদ পাটেয়ারি।
তিনি বলেন, "হরকাতুল জিহাদ কর্মীদের সঙ্গে পিন্টুর সংশ্লিষ্টতা ছিল ব্যক্তিগত পর্যায়ে। হামলার আগে পিন্টুর বাসায় জঙ্গিদের দুই দফা বৈঠক হয়। তবে পিন্টু বৈঠকে নিজে উপস্থিত ছিলেন না বলে জানান।"
পিন্টুর চাচাত ভাই জঙ্গি নেতা তাজউদ্দিন ২১ আগস্ট মামলার অন্যতম আসামি।
হামলায় হরকাতুল জিহাদের বাইরে অন্য কারও মদদ ছিল কিনা- জানতে চাইলে জাবেদ পাটোয়ারি বলেন, "এ ধরনের কারও নাম পাওয়া যায়নি।"
২১ আগস্টের হামলায় আর্জেস গ্রেনেড ব্যবহৃত হয়। গ্রেনেডের উৎস খুঁজে বের করতে পারেননি তদন্ত কর্মকর্তা।
এ প্রসঙ্গে সিআইডি প্রধান বলেন, "মাওলানা তাজউদ্দিন গ্রেনেডগুলো সরবরাহ করে বলে তদন্তে জানা গেছে। তিনি পলাতক। তাকে গ্রেপ্তার করা গেলেই গ্রেনেডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"
তবে এ ধরনের গ্রেনেড বাংলাদেশে তৈরি হয় না বলে নিশ্চিত করেছেন তিনি।
গ্রেনেড হামলার ঘটনায় একটি মামলা দায়ের হলেও তদন্ত শেষে পুলিশ হত্যার ঘটনায় একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি মোট দুটি অভিযোগপত্র দেয়। ফলে এটি এখন দুটি মামলায় পরিণত হয়েছে। দুটি মামলাই বর্তমানে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। এগুলো দ্রুত বিচার আদালতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এফএফ/এমআই/জিএনএ/এমএইচবি/১৮২৩ ঘ.
bdnews24