ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোশাক শিল্পের শ্রমিক নেতাদের 'ক্রসফায়ারে' হত্যার হুমকি দিয়েছেন পোশাক শিল্প মালিকরা- এ দাবি করে অবিলম্বে এমন বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা ।
বুধবার রাজধানীর তোপখানা রোডে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান।
সংগঠনের সমন্বয়কারী শহিদুল ইসলাম সুবজ বলেন, "গত ১৪ আগস্ট বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ গার্মেন্টস শ্রমিক আন্দোলন সম্পর্কে বেআইনী ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা নিন্দনীয় এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি।"
তিনি বলেন, "ওই দিন বিজিএমইএ'র সভায় কারখানা মালিকরা শ্রমিক অসন্তোষকে ইঙ্গিত করে শ্রমিক নেতাদের 'ক্রসফায়ারের' মাধ্যমে হত্যার হুমকি দেয়।"
এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে দাবি করে সবুজ বলেন, "এমন বক্তব্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিপন্থী ও উস্কানীমূলক। শ্রমিক আইন অমান্য করা, ট্রেড ইউনিয়নের অধিকার ও শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ করে প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্যই বিজিএমইএ নেতারা এ ধরণের বক্তব্য দিচ্ছে।"
পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএ'র সভাপতি আনোয়ার-উল-আলম পারভেজের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ওই সভায় আমি এ ধরনের কোনো কথা বলিনি। কেউ বলেছে বলেও আমার মনে পড়ে না।"
তিনি আরও বলেন, "যদি কেউ এ ধরনের মন্তব্য করেও থাকে সেটা শ্রমিকদের বিরুদ্ধে করা হয়নি। পোশাক শিল্পের দুস্কৃতকারীদের লক্ষ্য করে বলা হয়েছে। আর শ্রমিকরা তো আমাদের পরিবারের অংশ।"
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সবুজ বলেন, "পোশাক কারখানার ভিতরে শ্রমিকরা নিজেদের অভিযোগ ও দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারে না। ন্যূনতম মজুরি, নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি, মাতৃত্বকালীন ভাতা, ওভারটাইমের মজুরিসহ শ্রম আইনের নানা দিক লঙ্ঘন করে বহু কারখানা পরিচালিত হচ্ছে। এসব ব্যাপারে শ্রমিকরা যুক্তিসঙ্গত কোনো দাবি উত্থাপণ করলে মালিক কর্তৃপক্ষ তাদের বিভিন্ন অজুহাতে কারখানা থেকে ছাঁটাই করে।"
তিনি জানান, ২০০৬ সালে শ্রমিক-মালিক-সরকারের ত্রিপক্ষীয় চুক্তি অধিকাংশ পোশাক কারখানায় আজও বাস্তবায়ন হয়নি। শ্রমিকদের বিরুদ্ধে বিজিএমইএ'র দায়ের করা মামলাগুলোও প্রত্যাহার করা হয়নি। ২২ লাখ শ্রমিকের সমস্যা সমাধানে কোনো গার্মেন্টেসে সিবিএন বা ট্রেড ইউনিয়ন নেই। নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের সব পথ বন্ধ থাকায় শ্রমিকদের জমে থাকা ক্ষোভ রাস্তায় নেমে অবরোধ বা বিক্ষোভের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
শ্রমিকদের এমন আন্দোলনকে মালিকরা বিদেশি ষড়যন্ত্র বলে প্রচার করলেও বিজিএমইএ একটি ঘটনারও প্রমাণ দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি।
পোশাক শিল্পে হামলার জন্য শ্রমিকরা দায়ী না- দাবি করে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরানে সুলতানে বাহার বলেন, "শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে 'ঝুট সন্ত্রাসীরা' কারখানাতে হামলা চালায়। ঝুট সন্ত্রাসীদের অনেক দল থাকে। যে দল মালিকের কাছ থেকে ঝুট কিনতে পারে না তারা এসব হামলা করে থাকে।"
গত ২৫ বছরে ৭২টি গার্মেন্টেসে অগ্নিকাণ্ড, ভবন ধস ও বয়লার বিস্ফোরণে ১৪০০ শ্রমিক নিহত হলেও বিজিএমইএ একটিরও তদন্ত প্রতিবেদন দেয়নি বলে জানান শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের উপদেষ্টা শামীম ইমাম প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/জিএনএ/১৭০০ ঘ.
bdnews24