চট্টগ্রাম, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুটি জাহাজের সংঘর্ষে চালবাহী একটি বিদেশি জাহাজ ডুবে গেছে।
বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। শ্রীলঙ্কার ওই জাহাজের এক জন ক্রু নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি করেছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষের পর বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার কাজ শুরু করেছে। এক জন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।"
বন্দর রেডিও কন্ট্রোল রুম জানায়, দুপুর দেড়টার দিকে বহির্নোঙ্গরে আগে থেকে অবস্থান করা পানামার পতাকাবাহী জাহাজ হ্যাং জু এর সঙ্গে ভারতের মাদ্রাজের কাকিনাডা বন্দর থেকে চাল নিয়ে আসা বাজুলা ভ্যালি নামে শ্রীলঙ্কার জাহাজটির সংঘর্ষ হয়। এতে বাজুলা ভ্যালি জাহাজটি ডুবে যায়।
বাজুলা ভ্যালি জাহাজটিতে মোট ১৭ জন ক্রু ছিল বলে বন্দর কর্মকর্তারা জানান। তারা সবাই শ্রীলঙ্কার নাগরিক। এর মধ্যে জাহাজের প্রধান প্রকৌশলী নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার করা হয়।
বন্দর সচিব ফরহাদ উদ্দিন জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- সমুদ্র পরিবহণ অধিদপ্তরের কর্মকর্তা ক্যাপ্টেন জসিম উদ্দিন ও বন্দরের সহকারী হারবার মাস্টার রহমত উল্লাহ। কমিটিকে এক সমপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বন্দর সচিব জানান, ওই দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ আসা-যাওয়ায় কোনও ব্যাঘাত ঘটছে না।
৮৮ মিটার দীর্ঘ বাজুরা ভ্যালি ভারত থেকে ৩ হাজার ৬০০ টন চাল নিয়ে বন্দরে আসছিল। অপর জাহাজ হ্যাং জু বন্দরে মালামাল খালাস করে খালি অবস্থায় বহির্নোঙ্গরে অবস্থান করছিল।
এদিকে বন্দর চ্যানেলে বুধবার একটি লাইটারেজ জাহাজ ডুবেছে।
বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাফকো জেটির আউটার বার এলাকায় এমভি সার্কেল সেভেন-২ নামে লাইটারেজ জাহাজটি তলা ফেটে ডুবে যায়।"
জাহাজটি সিমেন্ট ক্লিংকার আনার জন্য বহির্নোঙ্গরে যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪৫০ ঘ.
bdnews24