২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস-লরি সংঘর্ষে পাঁচজন নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে মঙ্গলবার বাস-ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 08:17 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

রংপুর, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে মঙ্গলবার বাস-ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। নিহতরা হলেন- লরি চালক কোরবান আলী (৪৫), বাস চালক রেজাউল করিম লিটন (৪২), তার সহকারী উজ্জল (৪০) এবং যাত্রী ফারুক (২৫) ও সুমনচন্দ্র (৩০) । আহতদের সাত জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও বাসযাত্রীরা জানান, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাস জেকে স্পেশাল বেলা সোয়া ১১টার দিকে রংপুরের শঠিবাড়ীতে পৌঁছালে বাঘাবাড়ী ঘাট থকে আসা ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে আরও একজন মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান আরও দুজন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাস ও ট্যাংক লরি দুটোই দুমড়ে মুচড়ে মহাসড়কের উপর উল্টে পড়ে থাকায় রংপুর-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১টা থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। আহত বাসযাত্রী আবুল কাশেম জানান, বাস চালক লিটন ঠাকুরগাঁও আসার পর থেকেই মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারণ করা সত্ত্বেও তিনি মোবাইল ফোনে কথা বলা বন্ধ করেননি। মূলত চালকের দায়িত্বহীনতার কারণেই এই দূর্ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। ওসি ওয়াহেদুল হক জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছেন। বাস চালক লিটন ও সহকারী উজ্জলের লাশ বড় দরগা পুলিশ ফাঁড়িতে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/কিএইচ/এএল/এমআই/এমএসবি/১৮৪৩ ঘ.