২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুলিশ কর্মকর্তার শাস্তি চেয়ে নীলফামারীর ব্যবসায়ীদের প্রতীকী কর্মবিরতি

ব্যাবসায়ীকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় পুলিশ সুপারসহ আরও দুই কর্মকর্তার শাস্তির দাবিতে নীলফামারী শহরের ব্যবসায়ীরা রোববার এক ঘণ্টা প্রতীকী কর্মবিরতি পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

নীলফামারী, আগস্ট ১৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাবসায়ীকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় পুলিশ সুপারসহ আরও দুই কর্মকর্তার শাস্তির দাবিতে নীলফামারী শহরের ব্যবসায়ীরা রোববার এক ঘণ্টা প্রতীকী কর্মবিরতি পালন করেছেন। লাগাতার আন্দোলনের মুখে শনিবার নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়। কর্মবিরতি পালন শেষে দুপুরে ব্যবসায়ীরা স্থানীয় চৌরঙ্গী মোড়ে সমাবেশ করেন। সমাবেশে ওষুধ ব্যবসায়ী ও ঠিকাদার সাজ্জাদুর রহমান রোমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন বক্তারা। গত মঙ্গলবার রাতে শহরের উকিলপাড়ার বাসিন্দা ভাষা সৈনিক সফিয়ার রহমানের ছেলে সাজ্জাদুর রহমান রোমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার পকেটে চার বোতল ভারতীয় ফেন্সিডিল ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ ওঠে। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। পুলিশ ১০দিনের রিমান্ডের আবেদন জানালেও হাকিম মনসুর আলম সাজ্জাদকে জামিন দেন। এর পর তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ব্যবসায়ী সাজ্জাদুর রহমান রোমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান তদন্ত দ্রুত শেষ করে সিদ্ধান্ত দিতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য আহসান আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি সোহেল পারভেজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আরিফ হোসেন মুন, বিএনপি নেতা জহুরুল হক, অ্যাডভোকেট আল মাসুদ আলাল প্রমুখ। বক্তারা বলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওবায়দুল্লাহ আগামী সাতদিনের মধ্যে নীলফামারীর পুলিশ সুপার আব্দুল কুদ্দুস আমিন, সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাহাদত হোসেন ও পুলিশের রেশন ষ্টোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দীনের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ২২আগষ্ট পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। তবে ওই সময়ের মধ্যে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০০ ঘ.