ঢাকা, আগস্ট ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার বিকালে সিপিবি কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় নেতারা এ দাবি জানান।
সিপিবি নেতারা বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর ছাড়াও নেপথ্য ষড়যন্ত্রকারী ও মদদদাতাদের চিহ্নিতকরণ ও রাষ্ট্রীয় চারটি মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার দাবিও জানান।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বঙ্গবন্ধুর আদর্শকে বাদ দিয়ে তার প্রতি ভক্তি প্রর্দশনের আনুষ্ঠানিকতা একটা ছলনামাত্র। বঙ্গবন্ধু ভক্তিকে পণ্যে পরিণত করার প্রবণতা সর্ম্পকে আমাদের সর্তক থাকতে হবে। তার প্রতি সম্মান দেখাতে হলে চার মূলনীতি তথা ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।'
পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম, সাজ্জাদ জহির চন্দন, সিদ্দিক আহমেদ, হাসান হাফিজুর রহমান সোহেল, খান আসাদুজ্জামান মাসুদ, শাকিলা রুমা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএইচবি/২০৪৮ ঘ.
bdnews24