২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই পাচারকারী গ্রেপ্তার, দুই কিশোরী উদ্ধার

নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার রাতে নারী ও শিশু পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

চট্টগ্রাম, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার রাতে নারী ও শিশু পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের হেফাজতে থাকা দুই কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার রাজনগরের লাল মিয়া (৪৩) এবং তার সহযোগী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গোয়ান মধ্যম এলাকার নুর জাহান বেগম (৩৫)। উদ্ধারকৃত দু'জন হল- পটুয়াখালীর বাউফলের মাধবপুর এলাকার ছবি বেগম (১৭) এবং নরসিংদীর রায়পুর উপজেলার পলাশতলী এলাকার রাবেয়া বেগম (১৭)। শুক্রবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক সেলিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার এবং তাদের হেফাজতে থাকা দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি পাসপোর্ট। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা হাটহাজারীর মো. আলমগীর নামের একজনের সঙ্গে যৌথভাবে দীর্ঘদিন থেকে নারী ও শিশু পাচারে জড়িত। চট্টগ্রাম থেকে তারা এর আগে বেশ কয়েকজনকে বিভিন্ন দেশে পাচার করেছে। আলমগীরকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/১৯১১ ঘ.