ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালকল মালিকদের কাছ থেকে চাল কেনার ক্ষেত্রে প্রতি কেজিতে আগের চেয়ে এক টাকা ২৫ পয়সা বেশি দেবে সরকার।
চালকল মালিকদের উৎসাহ দিতে 'বোনাস' হিসেবে অতিরিক্ত এই মূল্য দেওয়া হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার জানান খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান।
ফলে মিল মালিকদের কাছ থেকে চাল কিনতে প্রতিকেজিতে সরকারের ব্যয় হবে ২৯ টাকা ২৫ পয়সা।
সচিব ওয়াহেদুজ্জামান বলেন, "সরকারের কাছে চাল বিক্রিতে চালকল মালিকদের উৎসাহিত করার জন্য বোনাস দেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রতি কেজি চালের জন্য এক টাকা ২৫ পয়সা বোনাস নির্ধারণ করা হয়েছে।"
তিনি বলেন, "১০ আগস্টের পর থেকে যেসব চালকল মালিক সরকারের সঙ্গে চুক্তি করবে তারা এবং এ বছর যারা চাল সরবরাহ করেছে তারা এ বোনাসের সুবিধা পাবেন।"
তবে আগে সরকারকে চাল সরবরাহ করা সবাই এ বোনাস পাবে না জানিয়ে সচিব বলেন, "যেসব চালকল মালিক ২৮ টাকা কেজি দরে এখন পর্যন্ত সাত লাখ টনের বেশি চাল বিক্রি করেছেন, তারা যদি আরো বিক্রি করতে চান তবেই বোনাস সুবিধা পাবেন। আর নতুন কেউ চুক্তি করলে তাদেরও বোনাস দেওয়া হবে।"
চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতে অভ্যন্তরীণ বাজার থেকে ২৮ টাকা কেজি দরে ১২ লাখ টন চাল এবং ১৮ টাকা কেজি দরে তিন লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার।
১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার পর্যন্ত ১১ হাজার ৮২৮ জন চালকল মালিকের সঙ্গে মোট ১০ লাখ ১৮ হাজার ৭২০ টন চাল কেনার জন্য চুক্তি হয়েছে। এ সময়ে মধ্যে সরকারি গুদামে পৌঁছেছে সাত লাখ এক হাজার টন চাল। চুক্তি করেও বাকি চাল সরবরাহ করছে না মিল মালিকরা।
এর কারণ হিসেবে কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর চুক্তি সত্ত্বেও চাল দিচ্ছেন না কল মালিকরা। মাঠপর্যায়ে তদন্তে চালের দাম বাড়াতে মালিকদের দাবির যৌক্তিকতা পাওয়া গেছে। এরপরই চালের ক্রয়মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএনডি/এমএইচবি/২১৩৩ ঘ.
bdnews24