গোপালগঞ্জ, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহম্মেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী ও আবদুল মান্নানসহ দলটির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার বেলা ১২টার সময় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এই সময় খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও বরিশালের নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরন সেখানে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেওয়া হয়।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধান বঙ্গবন্ধুর সমাধিতে শুক্রবার শ্রদ্ধা নিবেদন করবেন। এজন্য বৃহস্পতিবার বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতা লক্ষ্য করা গেছে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ১৫ই আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে সকাল ৭টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতারা সড়কপথে টুঙ্গীপাড়া রওনা হন।
বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর বাদ জোহর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাধি কমপ্লেক্সের মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএস/জিএনএ/১৪১৬ ঘ.
bdnews24