২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ভুমিহীন আদর্শ গ্রামে হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার

সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুটি জয়চণ্ডি গ্রামে শনিবার রাতে ভুমিহীনদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

নীলফামারী, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুটি জয়চণ্ডি গ্রামে শনিবার রাতে ভুমিহীনদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে এদের কারাগারে পাঠানো হয়। এরা হলেন- বেড়াকুটি জয়চণ্ডী গ্রামের শওকত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮) ও ভগলু রামের ছেলে কৃষ্ণকান্ত বটু (৪৮)। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুল মান্নান বেড়াকুটি এলাকার নাড়ারডাঙ্গা ভুমিহীন আদর্শ গ্রামে দলবলসহ লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা কমপক্ষে ২০টি বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। ভুমিহীনরা বাধা দিতে এলে তাদের বেধড়ক মারপিট করে সন্ত্রাসীরা। যাওয়ার সময় দিলিপ কুমার মোহন্ত নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন মান্নানের বাড়ি থেকে পুলিশ দিলিপ কুমার মোহন্তকে উদ্ধার করে। এ ব্যাপারে ওই গ্রামের আফতাব উদ্দীন (৫২) সোমবার রাতে আব্দুল মান্নানসহ ২৬ জনের নাম উল্লেখসহ ৩০/৪০ জনের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় একটি মামলা করেন। সদর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম রফিক জানান, মামলা করার পরে আব্দুল মান্নান ও কৃষ্ণকান্ত বটুকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। ওসি সেলিম জানান, গ্রেপ্তারকৃত দুজনকে মঙ্গলবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মনসুর আলমের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪০ ঘ.