২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেসিসি নির্বাচনের অব্যবহৃত ব্যালট পেপার ও মুড়িপত্র উদ্ধার

সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের মেয়র প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ব্যবহৃত ব্যালট পেপারের ৭৮টি মুড়িপত্র ও একটি অব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

খুলনা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের মেয়র প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ব্যবহৃত ব্যালট পেপারের ৭৮টি মুড়িপত্র ও একটি অব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে নগরীর হাজী মহসিন রোডে অবস্থিত মেয়র প্রার্থী বিএনপি নেতা মো. মনিরুজ্জামান মনির প্রধান নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে সোমবার খুলনা সদর থানায় একটি জিডি হয়েছে (নম্বর-৫৮৪)। একসঙ্গে থাকা মুড়িপত্রগুলো ০০১৩৬০৫ থেকে ০০১৩৬৮১ পর্যন্ত নম্বরের। আরেকটি মুড়িপত্রের নম্বর হল- ০০১৩৬০৩। অব্যবহৃত ব্যালট পেপারটির নম্বর হল- ০০১৩৬৯১। মুড়িপত্রগুলোতে টিপ সই দেওয়া রয়েছে। একসঙ্গে থাকা মুড়িপত্রের পেছনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আতাউর রহমানের নাম লেখা। ৪ আগস্ট তারিখসহ তার স্বাক্ষরও রয়েছে মুড়িপত্রে। খুলনা বিভাগীয় উপনির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. মহসিন আলী সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া অব্যবহৃত ব্যালট পেপার ও ব্যালট পেপারের মুড়িপত্রগুলো নগরীর ২ নম্বর ওয়ার্ডের ইউসেফ এম এ মজিদ স্কুল কেন্দ্রের। এ ঘটনায় খুলনা থানায় একটি জিডি হয়েছে। পুলিশ ও নির্বাচন কার্যালয় পৃথকভাবে তদন্ত শুরু করেছে। তিনি জানান, মুড়িপত্রের পেছনে স্বাক্ষর থাকা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আতাউর রহমানকে সোমবার দুপুর ১টায় নির্বাচন কার্যালয়ে ডেকে পাঠানো হয়। মুড়িপত্র ও ব্যালট পেপার কিভাবে বাইরে পাওয়া গেল সে সম্পর্কে তার বক্তব্য শুনেছেন তারা। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নগরীর মীরেরডাঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক আতাউর রহমান জানান, ৪ আগস্ট রাত ১০ টার দিকে কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতায় তিনি ব্যালট পেপার ও মুড়িপত্রগুলো বস্তায় ভরে নির্বাচন কার্যালয়ে নিয়ে আসেন। বস্তায় ঢুকানোর সময় বিদ্যুৎ ছিল না। এসময় অব্যবহৃত ব্যালট পেপার ও মুড়িপত্রগুলো হারিয়ে যেতে পারে অথবা কেউ শত্র"তাবশত সরিয়ে ফেলতে পারে বলে তিনি জানান। কেসিসির ভারপ্রাপ্ত মেয়র ও সদ্য সমাপ্ত নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারের মুড়িপত্র বাইরে পাওয়ার ঘটনাটি ভোট গ্রহণের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। বিষয়টি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। বিষয়টি নিয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান। তার প্রধান নির্বাচনী এজেন্ট মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু জাফর জানান, রোববার রাত আনুমানিক ১১ টার দিকে তিনিসহ ৪/৫ জন মিলে হাজী মহসিন রোডে নির্বাচনের সময় ব্যবহৃত প্রধান কার্যালয়ে টেলিভিশন দেখছিলেন। এসময় রিকশা থেকে কার্যালয় লক্ষ্য করে একটি প্যাকেট জাতীয় বস্তু ছুড়ে মারা হয়। ওই প্যাকেটটি মেয়র প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ব্যবহৃত ব্যালট পেপারের মুড়িপাতা। এছাড়া অব্যবহৃত ব্যালট পেপারও রয়েছে। পুলিশ রাত পৌনে ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো সদর থানায় নিয়ে যায়। তবে কারা এগুলো ছুড়ে মেরেছে সে ব্যাপারে তিনি কিছু জানাননি। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বক্তব্য হাস্যকর ও অনভিপ্রেত বলে দাবি করে আবু জাফর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, তারা পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৫ ঘ.