২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্ট শোক দিবসের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া সব 'মিথ্যা' মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবিতে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা বৃহস্পতিবার মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া সব 'মিথ্যা' মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবিতে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা বৃহস্পতিবার মানববন্ধন করেছে। বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ও ঢাকা জজ কোর্টের সামেন এ কর্মসূচি পালন করে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে অন্যান্যের মধ্যে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সমিতির সম্পাদক নুরুল ইসলাম সুজন, সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম, বশির আহমেদ, সাবেক সহ-সভাপতি আবদুল মান্নান খান ও অ্যাডভোকেট আজাহারউল্লাহ ভুঁইয়া প্রমুখ। ঢাকা জজ কোর্টের সামনের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন আওয়ামী আইনজীবী পরিষদের ঢাকা বার শাখার খোন্দকার আব্দুল মান্নান, নুরুজ্জামান, কামরুল ইসলাম, শেখ হেমায়েত হোসেন, আব্দুর রহমান হাওলাদার, আনোয়ারা শাহজাহান, আব্দুল্লাহ আবু ও আহসান তারিখ প্রমুখ। দু' জায়গাতেই বক্তারা হাইকোর্টের রায় মেনে অবিলম্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। অবিলম্বে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সব আওয়ামী লীগ নেতা কর্মীদের 'ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা' প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়। জরুরি অবস্থা প্রত্যাহার এবং সবার আগে জাতীয় সংসদ নির্বাচনেরও দাবি করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এমএইচবি/২০০৯ ঘ.