ফরিদপুর, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই ক্যাম্পাসে মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর কার্যক্রম চালানোর প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ক্লাশ বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ফরিদপুর মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ্ ইয়া ভূইয়ার উপস্থিতিতে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
সকাল থেকে ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে প্রশাসনিক ভবনে ইট পাটকেল ছুড়ে দরজা জানালার কাচ ভাঙচুর করে।
দফায় দফায় মিছিল করে শিক্ষার্থীরা একই ক্যাম্পাসে ম্যাটস এর ভর্তি কার্যক্রমের প্রতিবাদ জানায়।
দুপুর ২টায় জেলা প্রশাসক ক্যাম্পাসে আসেন। এ সময় কলেজ অধ্যক্ষ ডা. এনামুল করিম, ম্যাটস এর অধ্যক্ষ ডা. মো. নাসির উদ্দিন আহমেদ, বিএমএ, ফরিদপুর এর সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম উপস্থিতি ছিলেন।
জেলা প্রশাসকের কাছে ক্যাম্পাসে ম্যাটস-এর কার্যক্রম বন্ধের দাবি জানান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
শনিবার থেকে তারা ক্লাশে যোগদান করবে বলেও তারা জানায়।
মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ডাকা ক্লাশ বর্জন কর্মসূচির কারণে ক্যাম্পাসের আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
১৯৯২ সালে ফরিদপুরে মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর কার্যক্রম স্থগিত করে একই ক্যাম্পাসে ফরিদপুর মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু করা হয়।
এ বছর স্বাস্থ্য অধিদপ্তর ম্যাটস এর কার্যক্রম শুরু করে একই ক্যাম্পাসে ৫০ জন ছাত্র ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন কর্মসূচি পালন শুরু করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24