ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দুই লাখ টন ইউরিয়া, এক লাখ টন গম ও ১৫ হাজার টন রক সালফার আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "সার ও গমের মজুদ বৃদ্ধি এবং সারের মূল্য বৃদ্ধি রোধে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।"
উপদেষ্টা জানান, ইউরিয়া সার আমদানি করা হবে চারটি দরপত্রের মাধ্যমে। এর মধ্যে এক লাখ টন আসবে চট্টগ্রাম বন্দর দিয়ে। বাকিটা আনা হবে মংলা বন্দর হয়ে।
চট্টগ্রাম বন্দর দিয়ে ৫০ হাজার টন প্রিল্ড ইউরিয়া আনার ক্ষেত্রে দাম পড়বে ৩০৯ কোটি ৩৬ লাখ টাকা। আর ৫০ হাজার টন দানাদার ইউরিয়ার দাম পড়বে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা।
মংলা বন্দর দিয়েও ৫০ হাজার টন প্রিল্ড ও ৫০ হাজার টন দানাদার ইউরিয়া আমদানি করা হবে। এতে দাম পড়বে যথাক্রমে ৩১৭ কোটি ৩৯ লাখ এবং ৩৩১ কোটি ২ লাখ টাকা।
এছাড়া প্রতি টন ৩৯৭ ডলার হারে এক লাখ টন গম আমাদানিতে ২৯১ কোটি ৭৯ লাখ টাকা এবং ১৫ হাজার টন রক সালফার আমদানি করতে ৯০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হবে বলে উপদেষ্টা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এএল/জেকে/জিএনএ/১৮৩৪ ঘ.
bdnews24