ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার আট জনকে বুধবার সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এদিকে গোপালগঞ্জে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান জজ কোর্ট চত্বর থেকে গ্রেপ্তার সন্দেহভাজন আট জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন হাকিম আবু সালেহ মো. রুহুল ইমরান।
পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে। আদালতে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করেন।
'ইসলামী সমাজ' নামে একটি সংগঠনের এ আট সদস্যকে লিফলেট বিলি করার সময় মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করে। এরা হলো- সোলেমান কবির, সৈয়দ আহাম্মদ কবির, আবু বক্কর সিদ্দিকী, নাজমুল হক রানা, আবুল বাশার, হাবিবুর রহমান, খালেদ সাইফুল্লাহ মামুন ও আবু হানিফ।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, শহরের বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে গ্রেপ্তারতুল জেএমবির পাঁচ সদস্যকে ১০ দিনের রিমান্ড শেষে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ২৭ জুলাই তাদের রিমান্ডে নেওয়া হয়।
তাদের বিরুদ্ধে মামলার তদন্তকারী গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সূজা মামুন সাংবাদিকদের জানান, ২৫ জুলাই রাতে শহরের বঙ্গবন্ধু কলেজ মাঠে একটি গোপন বৈঠকের সময় র্যাব তাদের গ্রেপ্তার করে। পরদিন ২৬ জুলাই পুলিশ তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা করে।
সূজা মামুন জানান, ১৭ আগস্ট বোমা হামলা এবং কোটালিপাড়া ব্র্যাক কার্যালয়ে ডাকাতির মামলার আসামিদের ছাড়িয়ে নেওয়ার জন্য তারা হামলার পরিকল্পনা করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- শাহিনুজ্জামান, মো. আলী শেখ, জসিম মোল্লা, আলমগীর শেখ ও মো. সেলিম মোল্লা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমআই/১৯৪৮ ঘ.
bdnews24