ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দাবি করে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বুধবার বলেছেন, শিগগিরই এ অগ্রগতি দৃশ্যমান হবে।
দুপুরে পূর্ত মন্ত্রণালয়ে উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে হোসেন জিল্লুর সাংবাদিকদের এ কথা জানান।
সংলাপে বসার ব্যাপারে বিএনপির সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, "এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলাফল এলে শিগগিরই তা দৃশ্যমান হবে। তবে সব কিছু আমাদের (সরকারের) ওপর নির্ভরশীল নয়, তাদেরও (বিএনপি) কিছু দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে তাদেরও এগিয়ে আসতে হবে।"
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "তার মুক্তির বিষয়টি ঝুলে নেই। তবে কিছু সমস্যা রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে।"
পূর্ত উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "সংলাপে না আসা দুটি দলের (বিএনপি ও জামায়াত) সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে বৈঠকে কথা হয়েছে। এছাড়া নারী ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের পাশাপাশি যুব সমাজের সঙ্গেও সংলাপের বিষয়ে আলোচনা হয়েছে।"
চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় নির্বাচনের মাধ্যমে সরকার 'একটি মাইলফলক' অতিক্রম করেছে মন্তব্য করে তিনি বলেন, "আমাদের সামনে আরো কয়েকটি ছোট-বড় মাইলফলক রয়েছে। এজন্য আমরা প্রতিনিয়তই বসছি। আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।"
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, আগামী ১৩ আগস্ট চট্টগ্রামে উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থনীতিকে গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/এসকে/১৯১৬ঘ.
bdnews24