২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া পেতে কুয়েত ফেরতদের আবেদন করতে বলেছে সরকার

কুয়েত থেকে সম্প্রতি বহিষ্কৃত বাংলাদেশী শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা, সার্ভিস বেনিফিট ও ইন্সুরেন্সের অর্থ ঢাকায় কুয়েতের দূতাবাসের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েত থেকে সম্প্রতি বহিষ্কৃত বাংলাদেশী শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা, সার্ভিস বেনিফিট ও ইন্সুরেন্সের অর্থ ঢাকায় কুয়েতের দূতাবাসের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। টাকা পাওয়ার জন্য ফেরত আসা বাংলাদেশিদের কাকরাইলের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অথবা জেলা জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ে আবেদন করতে হবে। বুধবার বাংলাদেশ সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ফেরত আসা কর্মীদের নাম, পাসপোর্ট/ট্রাভেল পারমিটের কপি, কুয়েতের সিভিল আইডি'র কপি, নিয়োগকর্তা কোম্পানির নাম ও বিস্তারিত ঠিকানা, কুয়েতে যাওয়ার তারিখ, ফেরত আসার তারিখ, বকেয়ার পরিমাণ- ইত্যাদি তথ্যসহ আবেদনপত্র কাকরাইলের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অভ্যর্থনা কেন্দ্র অথবা নিকটস্থ জেলা জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ে জমা দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেতন-ভাতা নিয়ে অসেন্তোষের পর গত সপ্তাহে কুয়েত থেকে কয়েকশ বাংলাদেশী শ্রমিককে বহিষ্কার করে সে দেশের সরকার। কুয়েতের দাবি, এসব শ্রমিক ধর্মঘটের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরে জড়িত ছিল। তবে ফেরত আসা শ্রমিকরা সাংবাদিকদের জানান, কুয়েতি পুলিশ নির্বিচারে তাদের মারধর এবং গ্রেপ্তার করে ফেরত পাঠায়। আইন লঙ্ঘন, পাসপোর্ট ও কাজের অনুমতি ছাড়া বাস করার অভিযোগে গত সপ্তাহে মধ্য প্রাচ্যের আরেকটি দেশ সৌদি আরবও ১১৮ শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০১ ঘ.