ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অসুস্থ মোহাম্মদ নাসিমকে চার মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। (সমন্বিত)
বুধবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের বেঞ্চ নাসিমের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
গত বছর ৮ অক্টোবর সংসদ ভবনের বিশেষ আদালত অবৈধ সম্পদ অর্জনের জন্য নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
হাইকোর্টের আদেশের পর নাসিমের প্রধান কৌঁসুলি ব্যারিস্টার আমীর-উল ইসলাম সাংবাদিকদের কাছে নাসিমের বিরুদ্ধে আর কোন মামলা নেই বললেও আরেক আইনজীবী এনায়েতুর রহমান বলেন, জরুরি বিধিমালায় তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও মামলায় নাসিমকে ছয় মাসের অর্ন্তর্বতীকালীন জামিন দেয় হাইকোর্ট।
জরুরি ক্ষমতা বিধিমালায় ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি নাসিমকে গ্রেপ্তার করা হয়।
২৮ জুলাই নাসিম অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিনের আবেদন দায়ের করেছিলেন।
জামিন আবেদনের শুনানিতে ব্যারিস্টার আমীর উল ইসলাম ও অ্যাডভোকেট ইনায়েতুর রহিম বলেন, মোহাম্মদ নাসিম গুরুতর অসুস্থ। বিদেশে উন্নত চিকিৎসা না করা হলে তার জীবন সঙ্কটাপন্ন হতে পারে। তাই তিনি জামিনের আবেদন জানিয়েছেন।
গতবছর ২১ মার্চ দুর্নীতি দমন কমিশন ধানমন্ডি থানায় মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে দুর্নীতির এ মামলাটি করেন।
মামলায় তার বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ৬৭৮ টাকা ৫১ পয়সার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে নাসিম গত এপ্রিল মাসে হাইকোর্টে আপিল দায়ের করেছিলেন। আপিলটি ওই সময় আদালত শুনানির জন্য গ্রহণ করেন।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে খান সাইফুর রহমান জামিনের আবেদনের বিরোধিতা করেন। সরকার পক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরিন।
এদিকে আইজি প্রিজন ও ল্যাব এইড কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশমত মঙ্গলবার নাসিমের মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিয়েছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কারাবন্দি নাসিমকে গত ২৪ জুন রাজধানীর ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/এসকে/১৬৫৯ঘ.
bdnews24