ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বুধবার বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করছে নোবেলজয়ী প্রথম এই এশীয় ও বাঙালিকে।
৬৭ তম রবীন্দ্র প্রয়াণ দিবসে বাংলাদেশ বেতার ও বিটিভিসহ টেলিভিশন চ্যানেলগুলো সম্প্র্রচার করছে বিশেষ অনুষ্ঠান।
বাংলা একাডেমী বুধবার বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে 'রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন' শীর্ষক মূল প্রবন্ধ পড়বেন সৈয়দ আবুল মকসুদ।
শিল্পকলা একাডেমিতেও বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হবে বুধবার বিকালে, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।
আবৃত্তি সংগঠন 'স্বরবৃত্ত' রবীন্দ্রনাথের গান ও কবিতার অনুষ্ঠান করবে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে।
'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি'- কবিগুরুর এ কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে বাংলাদেশ। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাও তিনি।
১৯৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের। ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ৮০ বছর বয়সে মৃত্যু হয় তার। দীর্ঘ এ জীবন পরিক্রমায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে যান। সাহিত্যের এমন কোনও ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথের স্বচ্ছন্দ বিচরণ ছিল না। তার বহুমুখী সৃজনশীলতায় বাংলা সাহিত্যের সব শাখা হয়েছে সমৃদ্ধ। এর পাশাপাশি চিত্রকলা এবং সমাজ হিতৈষীমূলক কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৫ ঘ.
bdnews24