২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলা তদন্তের সময় তিন মাস বাড়লো

চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র উদ্ধারের মামলার তদন্তের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 12:45 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

চট্টগ্রাম, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র উদ্ধারের মামলার তদন্তের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী কমিশনার ইসমাইল হোসেন খানের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল্লাহ এ আদেশ দেন। একইদিন আদালতে এ মামলার চার আসামির জামিন বাতিলের আবেদন করা হয়েছে। বিচারক আগামী ১৬ সেপ্টেম্বর এর ওপর শুনানির দিন ধার্য করেছেন। যাদের জামিন বাতিলের আবেদন করা হয়েছে তারা হলেন- হাজী ছোবহান, আবদুল আজিজ, শেখ আহমেদ ও আবদুল মজিদ। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত পুরোপুরি শেষ না হওয়ায় তদন্তকারী কর্মকর্তা ইসমাইল হোসেন তিন মাস সময় বাড়ানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেছে। তিনি আরও জানান, এই মামলার চার আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাদের জামিন বাতিলের আবেদন জানানো হয়েছে। গত বছরের ১৯ নভেম্বর চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলা অধিকতর তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়। সিআইডির সহকারী কমিশনার ইসমাইল হোসেন তদন্তের জন্য তিন মাস সময় নেন। ওই সময় শেষ হয়ে গেছে। গত ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটি ঘাটে বিপুল পরিমাণ অস্ত্র খালাসের ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে যথাক্রমে ৪৩ ও ৪৪ জনকে আসামি করে দুটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৩৭ ঘ.