বাগেরহাট, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফকিরহাট উপজেলায় খুলনা-মংলা মহাসড়কে মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে মাছের পোনা বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক খুলনার নিরালা এলাকার শামীম (৩০), খুলনার দিঘলিয়া উপজেলার লাকোহাটি গ্রামের আমিন শেখের ছেলে ইকবাল শেখ (২৫), একই উপজেলার নন্দপ্রতাপ গ্রামের মজিবর শরীফের ছেলে নজরুল শরীফ (৩০), লাকোহাটির ফরহাদ (২৫) ও নুর ইসলাম (২৮)। এরা সবাই পিকআপের যাত্রী। এর মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যান। সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর দুজন মারা যান।
আহতদের মধ্যে ১৫ জনকে খুলনা মেডিকেল কলেজ এবং ছয়জনকে রূপসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়ছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, খুলনা থেকে বিভিন্ন মাছের পোনা নিয়ে পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ড-১১-০১২২) বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে যাচ্ছিল। সকাল ১১ টার দিকে খুলনা-মংলা মহাসড়কের খাজুরা বাসস্ট্যাণ্ডের কাছে পৌঁছালে বাগেরহাট থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাসের (যশোর ব ৯১৬) সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপ চালকসহ এর তিনযাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাস ও পিকআপের আরও অন্তত ৩০ যাত্রী আহত হন। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সন্ধ্যায় আরও দুজন মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসাধীন ১৫ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- মামুন (২২), জাকির (২৫), লালু (১৮), টিপু (২৫), রানা (১৯), মোসলেম (৪০), আল আমিন (২২), জামির (৩০), হাবিব (২০), রফিকুল (১৮), শরিফুল (২৫), ওহিদ (২৫), ওহিদুল ইসলাম (২৬), মোসলেম (৩৫) এবং সঞ্চিতা (১৫)।
এদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায়।
খুলনার রূপসা উপজেলার আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেহেদী হাসান জানান, এই হাসপাতালে চিকিৎসাধীন ছয়জন হলেন- বাগেরহাটের বারৈপাড়া গ্রামের পলাশ দেবনাথ (২৮), হাকিমপুর গ্রামের অলিকুজ্জামান (৭), খুলনার দিঘলিয়া উপজেলার লাকোহাটি সরদার বাড়ির মনিরুল (৩৫), লালন (২০), কামরুল শেখ (৩০) ও মনির শেখ (৩৫)।
ফকিরহাট থানার ওসি জানান, বাস চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করেছে। এ ব্যাপারে পিকআপ ভ্যানের মালিক হাফিজুর রহমান একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24