২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বড় ব্যবধানে এগিয়ে লিটন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ৩৪টি কেন্দ্রের ভোটগণনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন (প্রতীক তালা) বড় ব্যবধানে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ২২৩৩৭ ভোট। লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবদলের মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের (বাঘ) প্রাপ্ত ভোট ১৬৪৭৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

রাজশাহী, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ৩৪টি কেন্দ্রের ভোটগণনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন (প্রতীক তালা) বড় ব্যবধানে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ২২৩৩৭ ভোট। লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবদলের মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের (বাঘ) প্রাপ্ত ভোট ১৬৪৭৯। সন্ধ্যা ৬টার দিক থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটগণনা শুরু হয়। নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, ৭৫ থেকে ৮০ ভাগ ভোটার স্থানীয় পর্যায়ের এ নির্বাচনে ভোট দিয়েছে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিকেলে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে এ সময়ের মধ্যে কেন্দ্রে আসা সব ভোটারের ভোটগ্রহণ শেষ করতে আরো প্রায় একঘণ্টা সময় লেগেছে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহীর উপ নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি করপোরেশনের ১২৯টি কেন্দ্রের মধ্যে ১২৭টিতে ভোটগণনা শুরু হয়েছে। তবে ভোটার বেশি হওয়ায় লক্ষীপুর প্যারো মেডিকেল কেন্দ্র ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম কেন্দ্রে তখনো ভোটগ্রহণ চলছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দিনের শুরুতে রাজশাহীর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দীর্ঘ হতে থাকে। ক্রমিক নম্বর বিভ্রাটের কারণে ভোট গ্রহণে কিছুটা দেরি হয় বলে অভিযোগ করেছেন বিভিন্ন প্রার্থী। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টা পরই বৃষ্টি নামে নগরীতে। ঘণ্টাখানেক পর বৃষ্টি থামলে ভোটাররা কেন্দ্রমুখী হতে শুরু করে। কাজলা কেডি ক্লাব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালের দিকে ভোটারের সংখ্যা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বেড়ে যায়।" ভোটার তালিকায় ছবি থাকায় এবার এখনও পর্যন্ত কোনও বুথে জাল ভোটার পাওয়া যায়নি বলেও জানান আবুল কালাম। দাসমারি ভোট কেন্দ্রে ভোট দিয়ে নাসরিন বেগম নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার আমি তৃতীয়বারের মতো ভোট দিয়েছি। ভোট দিতে পেরে ভালো লাগছে।" একদিকে বৃষ্টি, অন্যদিকে বয়সের ভার- দুটি নিয়েই ভোট দিয়েছেন অশীতিপর গুলজান বেগম। নাতির কোলে চড়েই দাসমারি কেন্দ্রে এসে ভোট দিয়ে ফিরে গেছেন। ব্যবসায়ী মো. আলম বলেন, "নিজের ভোট নষ্ট করা ঠিক না। তাই বৃষ্টির মধ্যেও ভোট দিতে এসেছি।" তবে ভোট দেওয়া নিয়ে অভিযোগও করেন অনেকে। কাজলা কেডি ক্লাব কেন্দ্রে ভোট দিতে এসে ব্যাংকার কামরুজ্জামান খান বলেন, "টিভিতে বলেছে, ভোট দেওয়ার জন্য আইডি কার্ডের দরকার নেই। কিন্তু এখানে এসে দেখছি উল্টো পরিস্থিতি। এখানে পোলিং এজেন্টরা ভোটার ক্রমিক নং খোঁজার নাম করে দেরি করাচ্ছেন। কিন্তু সরাসরি বলছে না, যে চলে যান।" এ কেন্দ্রে ব্যবসায়ী মো. মনিরুজ্জামানও একই অভিযোগ করেন। তিনি বলেন, "ক্রমিক নং খুঁজে বের করতেই দেড় ঘণ্টা সময় লেগেছে।" সকাল সাড়ে ৯টার দিকে উপশহর স্যাটেলাইট স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন ও যুবদল নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। খায়রুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ব্যালট পেপার খুব পাতলা কাগজ ব্যবহার হচ্ছে। ফলে উল্টো দিকেও ছাপ পড়ছে। এতে অনেক বাতিল হয়ে যেতে পারে।" এবার ব্যালট বাক্সগুলো কেন্দ্রে না খুলে সবগুলো এক করে নির্বাচনী কার্যালয়ে গণনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে কারচুরি আশঙ্কা থাকতে পারে বলে মনে করছেন লিটন। সার্বিক অবস্থা নিয়ে মেয়র প্রার্থী ও বিএনপি নেতা রেজাউন নবী সকাল ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত নির্বাচন ভালোভাবেই হচ্ছে বলে মনে হচ্ছে। তবে ভোট গ্রহণে দেরি হচ্ছে।" ভোটগ্রহণ প্রক্রিয়া দ্রুত করার জন্য বুথ সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএনডি/০০৪৬ ঘ.