বাগেরহাট, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দরে বেসরকারি পরিচালনায়- 'বার্থ শিপ অপারেটিং সিস্টেম' এর আওতায় পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।
সোমবার সাইপ্রাসের পতাকাবাহী 'আন্না-এ' নামের একটি জাহাজ থেকে নুতন পদ্ধতিতে সার খালাসের কাজ শুরু হয়।
আগে ডক শ্রমিক পরিচালনা বোর্ডের মাধ্য বন্দর কর্তৃপক্ষ পণ্য ওঠানো-নামানোর কাজে শ্রমিক নিয়োগ করতো। ওই বোর্ড বিলুপ্ত করে নতুন পদ্ধতি চালু করা হয়েছে।
নতুন পদ্ধতি চালু করায় ডক শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কাজ থেকে বিরত রয়েছেন। তাদের দাবি বোর্ড বিলুপ্ত করায় তারা আর নিবন্ধিত শ্রমিক নয়। তাই তাদের পাওনা পরিশোধ করে দেওয়া হোক।
একজন শ্রমিক নেতা অভিযোগ করেছেন, যৌথবাহিনী বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে তাদের হয়রানি করছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার দুপুরের পালা থেকে খুলনা ট্রেডার্স নামে একটি স্টিভডোরিং প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজে পণ্য খালাসের জন্য চারটি শ্রমিকদের দল (গ্যাং) বুকিং দেয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে বন্দরে বার্থ শিপ অপারেটিং সিস্টেম চালু হয়েছে বলেও জানানো হয়।
মংলা বন্দরের ডেপুটি হারবার মাস্টার মাহফুজুর রহমান জানান, 'আন্না-এ' নামের জাহাজটি সিঙ্গাপুর থেকে ১২ হাজার ৩০০ মেট্রিকটন সার নিয়ে সোমবার সকালে মংলা বন্দরে পৌঁছায়। মঙ্গলবার 'কোটা রোডন' নামে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ মংলা বন্দরে আসার কথা রয়েছে।
মংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক এ কে এম শাহাবুদ্দিন জানান, বন্দর কর্তৃপক্ষের ইন্ধনে যৌথবাহিনী শ্রমিকদের বাড়ি বাড়ি ঢুকে তল্লাশির নামে হয়রানি করছে। আতঙ্কিত শ্রমিকরা ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
তিনি দাবি করেন, সোমবার বন্দরের কোন শ্রমিক কাজে যায়নি। ১০-১২ জন রিক্সাচালক ও ভ্যানচালক দিয়ে স্টিভিডোরিং প্রতিষ্ঠান খুলনা ট্রেডার্স সোমবার জাহাজের মাল খালাসের কাজ করিয়েছে।
শাহাবুদ্দিন জানান, ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তির পর শ্রমিকরা মংলা বন্দরের শ্রমিক হিসাবে বন্দরে কাজ করার যোগ্যতা হারিয়েছেন। তিনি অবিলম্বে শ্রমিকদের বকেয়া ৪০ কোটি টাকা পরিশোধের এবং শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানান।
মংলা বন্দর শ্রমিক সংঘের হিসাব অনুযায়ী বন্দরে এখন ৪৫৭২ জন শ্রমিক রয়েছেন। এর মধ্যে ১৭৭৬ জন নিবন্ধিত, ৮৯৬ জন অনিবন্ধিত এবং ১৯০০ অন্যান্য শ্রমিক।
রিক্সাচালক, ভ্যানচালকদের মত অশ্রমিক দিয়ে কাজ করানোর অভিযোগ অস্বীকার করে স্টিভিডোরিং প্রতিষ্ঠান খুলনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সৈয়দ জাহিদ হোসেন জানান, যারা কাজ করছেন তাদের শতকরা ৮০ ভাগই নিয়মিত শ্রমিক। অন্যরা বন্দরের অতিরিক্ত(এক্সট্রা) শ্রমিক।
জাহাজের কাজে অনভিজ্ঞ কোন শ্রমিক দিয়ে পণ্য খালাস সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের কাজে আসার জন্য বুকিং অফিস থেকে প্রতিদিন মাইকিং করা হচ্ছে। যে কোন শ্রমিক কাজে যোগ দিতে চাইলে তাকে কাজ দেওয়া হবে।
তিনি বলেন, আবহাওয়া ভাল থাকলে আন্না-এ থেকে পণ্য খালাসে ছয়দিন সময় লাগতে পারে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, বন্দরে তিন প্লাটুন পুলিশসহ নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন রয়েছে। তবে তিনি পুলিশ দিয়ে শ্রমিকদের বাড়ি বাড়ি তল্লাশির অভিযোগ অস্বীকার করেন।
গত ১ আগস্ট থেকে 'বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০০৮'-এর মাধ্যমে সরকার মংলা ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্ত ঘোষণা করে 'গ্যাং গঠন তফশিল' অনুযায়ী সরাসরি শ্রমিক নিয়োগ করে পণ্য ওঠানো-নামানোর কাজ (হ্যাণ্ডলিং) শুরু করেছে। নতুন এই পদ্ধতিতে ডক শ্রমিক পরিচালনা বোর্ডের স্থলে স্টিভিডোরিং প্রতিষ্ঠানগুলো সরাসরি শ্রমিক নিয়োগের কাজ করবে।
ডক শ্রমিক পরিচালনা বোর্ড গঠনের আগে ১৯৮৭ সাল পর্যন্ত মংলা বন্দরে এই ব্যবস্থা চালু ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এইচএমবি/১৯৩২ ঘ.
bdnews24