ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। জরুরি অবস্থার মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে ১৩টি নির্বাচনী এলাকায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে জানিয়েছে। পূর্ণাঙ্গ বেসরকারি ফলাফল পেতে মধ্যরাত পেরিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নির্বাচনে কোথাও খুব একটা গোলযোগ না হলেও ভোটার তালিকার ক্রমিক নম্বর নিয়ে শুরুর দিকে ভোটারদের হয়রানিতে পড়তে হয়েছে। ভোট গ্রহণে মন্থরগতির অভিযোগও তুলেছেন ভোটার ও প্রার্থীরা। কোথাও কোথাও ৬টার পরও ভোট নেয়া হয়।
অভিযোগ এসেছে ব্যালট পেপার নিয়েও।
নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে সিলেটে এক কাউন্সিলর পদপ্রার্থী এবং গোলাপগঞ্জ পৌরসভায় এক মেয়র পদপ্রার্থীকে আটক করা হয়। একই অভিযোগে বরিশালে আটক হয় ১২ জন।
সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল সিটি এবং নয়টি পৌরসভায় এ নির্বাচন ছিল বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনগর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে প্রথম কোনও নির্বাচন।
নির্বাচন আশাতীত সফল বলে মনে করছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, এ নির্বাচনের ভুল পর্যালোচনা করে আগামী জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা নেওয়া হবে।
চার সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়েছেন মোট ৪৬ প্রার্থী। এছাড়া এসব নির্বাচনী এলাকায় কাউন্সিলর পদে ৭৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮৭ জন নির্বাচনে অংশ নিয়েছেন। নয় পৌরসভায় মোট প্রার্থী সংখ্যা ৬০৮।
সিটি কর্পোরেশনের বাইরে মানিকগঞ্জ, শরীয়তপুর, চুয়াডাঙ্গা, সিলেটের গোলাপগঞ্জ, বগুড়ার দুপচাঁচিয়া, রাজশাহীর নওহাটা, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ফুলবাড়িয়া এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একযোগে নির্বাচন হয়।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। তবে ভোট গ্রহণে মন্থর গতির কারণে যারা ৪টার মধ্যে কেন্দ্রে ঢোকেন, তাদের ভোট নেওয়া হয়। ভোটাভুটি ঘিরে নির্বাচনী এলাকাগুলোতে নেওয়া হয় কড়া নিরাপত্তা।
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপ-নির্বাচন কমিশনার খোন্দকার মিজানুর রহমান সাড়ে ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে সব কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে সে সব কেন্দ্রে গণনা শুরু হয়েছে। তবে কিছু কেন্দ্রে ভোট গ্রহণ বেশি সময় ধরে চলে। সেখানে গণনা পরে শুরু হবে।
অন্য এলাকাগুলো থেকেও একই খবর পাওয়া গেছে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, ভোটের পুরো ফলাফল পেতে মধ্যরাত পেরিয়ে যেতে পারে।
সকালে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের প্রথমেই সমস্যায় পড়তে হয়েছে ভোটার তালিকার ক্রমিক নম্বর নিয়ে। ক্রমিক নম্বর জানা না থাকায় অনেককেই বিভিন্ন কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হয়।
সিলেটের পাইলট হাইস্কুলে কেন্দ্রে ভোট দিতে না পেরে বেরিয়ে আসার সময় হনুফা খাতুন নামে এক ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আইডি কার্ড দেখিয়েও ভোট দিতে পারিনি। আমার কাছে ভোটার ক্রমিক নম্বর চেয়েছে। কিন্তু আমি তো কোনও ক্রমিক নম্বর পাইনি।"
খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে বেরিয়ে দুলারী বেগম বলেন, "আমি ভোট দিতে পারিনি। ভোটকেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, আইডি কার্ডই যথেষ্ট নয়।"
তিনি আরও বলেন, "আগে বাসায় এসে প্রার্থীর কর্মীরা সিরিয়াল নম্বর দিয়ে যেত। এবার তা না হওয়ায় আমাদের বিপাকে পড়তে হয়েছে।"
এনিয়ে খুলনায় ফেমার পর্যবেক্ষক অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, "সমস্যা হল যে ভোটাররা সিরিয়াল নম্বর নিয়ে আসছেন না। তাই তাদেরকে ফেরত যেতে হচ্ছে এবং নম্বর নিয়ে আসতে হচ্ছে।"
পরে অবশ্য প্রার্থীদের এজেন্টদের বিভিন্ন কেন্দ্রের বাইরে ক্যাম্প বসিয়ে ভোটারদের ক্রমিক নম্বর সরবরাহ করতে দেখা যায়। অনেক স্থানে জাতীয় পরিচয়পত্রের ছবি মিলিয়ে ভোটার ক্রমিং নম্বর বের করার প্রক্রিয়া চলায় ভোট গ্রহণে মন্থর গতি দেখা দেয়।
সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোবারক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "অনেকের ক্রমিক নম্বর খুঁজে বের করতে ৫ মিনিটেরও বেশি সময় লাগছে। এ জন্য ভোট গ্রহণে কিছুটা দেরি হচ্ছে।"
কড়া বিধি-নিষেধের মধ্যে এবার নির্বাচন হওয়ায় কেন্দ্রগুলোর বাইরে প্রার্থীদের আগের মতো প্রচার-প্রচারণাও ছিল না। ফলে কেন্দ্রগুলো ঘিরে নির্বাচনী আমেজও কম লক্ষ করা গেছে।
বরিশালের ব্যবসায়ী আসাদুল হক বলেন, "আগে ভোট কেন্দ্রগুলোর আশাপাশে প্রার্থীদের ক্যাম্প ও নানা ধরনের দোকান-পাট বসে এক ধরনের উৎসব উৎসব ভাব ছিল। কিন্তু এবার তেমনটা ছিল না। সবাই যে যার মতো এসে ভোট দিয়ে চলে গেছেন।"
সকালে বরিশাল জিলা স্কুল কেন্দ্রের কাছে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরণ এবং বিএনপি নেতা আহসান হাবিব কামালের নির্বাচনী ক্যাম্প বসাতে গেলে র্যাব সদস্যরা তা ভেঙে দেয়।
ভোটকেন্দ্রের সামনে নির্বাচনী ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করাসহ বিভিন্ন অভিযোগে বরিশালে ১২ জনকে আটকও করা হয়।
র্যাব-৮ এর উপ-পরিচালক এ কে এম মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণ নিয়ম হলো- কোনও ভোট কেন্দ্রের সামনে নির্বাচনী ক্যাম্প বসানো যাবে না। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন কেন্দ্রের সামনে ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল।"
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জাকারিয়া আহমদ পাপলু এবং সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ রনিকে সোমবার দুপুরে আটক করে পুলিশ।
গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ নেতা পাপলুর দেহ তল্লাশি করে র্যাব সদস্যরা ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর গোলাপগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা দেড়টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি নেতা সেলিম আহমদ রনি ও আরেক কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা লিপনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসলে রনি একজন পুলিশ সদস্যের ওপর হামলা চালান।
উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মিজানুর রহমান জানান, নির্বাচনী কাজে বাধা দান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে সেখানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রনিকে আটক করার নির্দেশ দেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৩টি জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মহেশ্বর পাশা এলাকার শহীদ জিয়া মহাবিদ্যালয়, ৩০ নম্বর ওয়ার্ডে টুটপাড়া এলাকার কলেজিয়েট গার্লস স্কুল ও পল্লীমঙ্গল কেন্দ্রে একজন করে তিন জন ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করেন, তারা এসে দেখেন তাদের ভোট দেওয়া হয়ে গেছে।
তবে ভোটারদের এ অভিযোগ নাকচ করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।
নির্বাচনের পরিবেশ নিয়ে অধিকাংশ প্রার্থী সন্তোষ প্রকাশ করলেও ভোট গ্রহণে ধীর গতি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। রাজশাহীর দুই মেয়র প্রার্থী ব্যালট পেপার নিয়ে আপত্তি করেছেন।
রাজশাহীর আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ব্যালট পেপার খুব পাতলা। ফলে উল্টো দিকেও ছাপ পড়ছে। এতে অনেক ভোট বাতিল হয়ে যেতে পারে।"
একই অভিযোগ করেন মেয়র প্রার্থী ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলও।
বরিশালে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরণ ভোট গ্রহণে দেরির প্রসঙ্গ তুলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্বিক অবস্থা ভালোই। তবে ভোট গ্রহণে অনেক বেশি সময় লাগছে।"
মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চান বলেন, "ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। তবে ভোটার আইডি থাকলেও ভোটার তালিকায় নাম না থাকায় অনেকেই ভোট দিতে পারেননি।"
খুলনায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকালে নগরীয় পাইওনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, "সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে।"
খুলনায় মেয়র প্রার্থী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা এম ফিরোজ আহমেদ অভিযোগ করেছেন, ভোটারদের প্রভাবিত করতে টাকার ছড়াছড়ি হচ্ছে।
সিইসি এটিএম শামসুল হুদা দুপুরে মানিকগঞ্জ পৌরসভায় কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি ওই সময় সাংবাদিকদের বলেন, "এ নির্বাচন থেকে আমরা শিক্ষা নেব। সব ধরনের প্রতিবন্ধকতা চিহ্নিত করে পর্যালোচনা করব। এর মাধ্যমে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়ে গেল।"
সিইসি বলেন, "শ্রীপুরে ছবিসহ ভোটার তালিকার পাইলট প্রকল্প করতে গিয়ে আমরা যেভাবে ভুল সনাক্ত করে পরে রাজশাহীতে নতুন মাত্রায় ভোটার তালিকার কাজ শুরু করেছি; একই ধারাবাহিকতায় এ নির্বাচনের ভুল পর্যালোচনা করে আগামী নির্বাচনে কীভাবে সব কাজে গতি আনা যায়- সেকর্মপরিকল্পনা নেওয়া যাবে।"
ভোটার নম্বরের অকে ভোটার না জানায় ভোটগ্রহণে দেরি হচ্ছে বলে যে অভিযোগ আসছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে শামসুল হুদা বলেন, "ছবিসহ ভোটার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) জন্য নতুন এক অভিজ্ঞতা। ভোট নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র আনার প্রয়োজন না থাকলেও অনেকে নিয়ে এসেছে। পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে কোথাও কোথাও ভোট নেওয়ায় একটু দেরি হয়েছে বলে শুনেছি।"
ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন কমিশন কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যা চেয়েছিলাম, এ নির্বাচনে আমরা তার চেয়েও ভালো ফল পেয়েছি। জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করা না হলেও ভোট গ্রহণে কোনও সমস্যা হয়নি।"
ছহুল হোসেন বিকাল ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে মোট ১৩টি এলাকায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে আমরা জেনেছি। তবে পুরো তথ্য জানাতে সময় লাগবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/জিএনএ/১৮২৩ ঘ.
bdnews24