মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার বলেছেন, কমিশন যা চেয়েছিল তার চেয়েও ভালভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ থেকে এটাই প্রমাণ হয়েছে যে, কমিশন যেসব নির্বাচনী সংস্কার করেছে তা সঠিক ছিল।
বিকেলে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর কমিশন কার্যালয়ে বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন।
ছহুল হোসাইন বলেন, "আমরা যা চেয়েছিলাম এ নির্বাচনে তার চেয়েও ভাল ফল পেয়েছি।"
তিনি বলেন, "নতুন আইন ও বিধি, নতুন ভোটার তালিকা ও অনেক নতুন কর্মকর্তা দিয়ে আজ চার সিটি ও নয় পৌরসভায় নির্বাচন হয়েছে। জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করা না হলেও ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি। এ থেকে এটাই প্রমাণ হলো যে, আমরা যেসব সংস্কার করেছি তা সঠিক ছিল।"
এবারের সাফল্যের কারণে কমিশন আগামীতে আমরা আরও গতিশীল ও কার্যকর পদক্ষেপ নিতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার না করেই আগামী নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে কি না জানতে চাইলে কমিশনার বলেন, "জরুরি অবস্থার বিষয়টি সরকার দেখবে। আমরা এমন পরিবেশ সৃষ্টি করতে বলেছি, যাতে নির্বাচনী প্রচার বা ভোট গ্রহণে কোনো বাধা সৃষ্টি না হয়। সরকার জরুরি অবস্থা যেটুকু প্রত্যাহার করেছে তাতে এবার নির্বাচনী প্রচারে কোনো সমস্যা হয়নি।"
এক প্রশ্নের জবাবে কমিশনার জানান জরুরি অবস্থার কারণে ভোটের সময় কোনো এলাকা থেকে কোনো অভিযোগ তারা পাননি।
ছহুল হোসাইন জানান, সোমবার চারটি সিটি ও নয় পৌরসভায় প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কমিশন। সব জায়গা থেকে চূড়ান্ত তথ্য কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছানোর পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এসকে/১৭৫০ঘ.
bdnews24