২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ ব্যালট পেপার নিয়ে

নির্বাচনের পরিবেশ ও ভোট গ্রহণ নিয়ে সিটি কর্পোরেশনের বেশিরভাগ মেয়র প্রার্থীই সন্তুষ্ট কথা জানিয়েছেন। দুই জন মেয়র প্রার্থী ব্যালটের কাগজ নিয়ে আপত্তি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের পরিবেশ ও ভোট গ্রহণ নিয়ে সিটি কর্পোরেশনের বেশিরভাগ মেয়র প্রার্থীই সন্তুষ্ট কথা জানিয়েছেন। দুই জন মেয়র প্রার্থী ব্যালটের কাগজ নিয়ে আপত্তি করেছেন। খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল- এ চার সিটি কর্পোরেশনসহ নয়টি পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ সোমবার সকাল ৮টায় শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। জরুরি অবস্থার মধ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এটাই যে কোনও ধরনের প্রথম নির্বাচন। অবশ্য নির্বাচনী এলাকাগুলোতে জরুরি অবস্থা শিথিল করা হয়েছে। রাজশাহীর মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ব্যালট পেপার খুব পাতলা। ফলে উল্টো দিকেও ছাপ পড়ছে। এতে অনেক ভোট বাতিল হয়ে যেতে পারে।" একই অভিযোগ করেছেন মেয়র প্রার্থী ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলও। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাতলা ব্যালট কাগজ ব্যবহারের কারণে ভাঁজ করলে অন্য প্রতীকে ছাপ পড়ে যায়। এতে অনেক ভোট বাতিল হতে পারে।" নির্বাচনের পরিবেশ নিয়ে মোটামুটি সন্তোষ প্রকাশ করলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতার অভিযোগ এনে বুলবুল বলেন, "তিনটি কেন্দ্রে আমাকে ঢুকতে বাধা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।" রাজশাহীর অপর মেয়র প্রার্থী ও বিএনপি নেতা রেজাউন নবী দুদু সকালে ভোট দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত নির্বাচন ভালোভাবেই হচ্ছে বলে মনে হচ্ছে। তবে ভোট গ্রহণে দেরি হচ্ছে।" বরিশালে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরণ ভোট গ্রহণে দেরির অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্বিক অবস্থা ভালোই। তবে ভোট গ্রহণে অনেক বেশি সময় লাগছে।" পিডিপি নেতা ও মেয়র প্রার্থী এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু অভিযোগ করে বলেছেন, "২৭ নম্বর ওয়ার্ড রুইয়া পুল কেন্দ্রে শওকত হোসেন হিরণের সমর্থকরা আমার সমর্থকদের ভোট দিতে বাধা দিচ্ছে।" মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চান বলেন, "ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। তবে ভোটার আইডি থাকলেও ভোটার তালিকায় নাম না থাকায় অনেকেই ভোট দিতে পারেননি।" নাগরিক কমিটি মনোনীত প্রার্থী গণফোরাম নেতা এনায়েত পীর খান বলেন, "প্রার্থীদের ব্যাজ পরা নিষিদ্ধ থাকলেও অনেকে ব্যাজ পরেছেন এবং নির্বাচনী এলাকার পাশে ক্যাম্প করেছেন।" তবে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে বলে মনে করছেন তিনি। খুলনায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকালে নগরীয় পাইওনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, "সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে।" মেয়র প্রার্থী বিএনপি নেতা মনিরুজ্জামান মনিও একই কথা বলেন। এদিকে মেয়র প্রার্থী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা এম ফিরোজ আহমেদ অভিযোগ করেছেন, ভোটারদের প্রভাবিত করতে টাকার ছড়াছড়ি হচ্ছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন স্থানে ভোট টানতে টাকা ছড়ানো হচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও করব আমরা।" সিলেটেও প্রার্থীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মেয়র প্রার্থী কারাবন্দি বদর উদ্দিন আহমদ কারমানের পক্ষে নাগরিক পরিষদের সমন্বয়কারী এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গরিব ও শ্রমিক শ্রেণীর লোকরা বেশ কয়েকটি কেন্দ্রে হয়রানির শিকার হয়েছেন। জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর নিয়ে তাদের জটিলতায় পড়তে হয়েছে।" নাগরিক কমিটির প্রার্থী আফম কামাল সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করে দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে। সার্বিকভাবে অবস্থা ভালো মনে হচ্ছে।" তবে ক্রমিক নম্বর জটিলতার ভোটারদের হয়রানির কথা তিনিও জানিয়েছেন। নাগরিক জোটের মেয়র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ হক বলেন, "নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালো। তবে ভোটার লিস্টে নাম না থাকায় অনেকে ভোট দিতে পারছেন না।" তিনি অভিযোগ করেন, "উপশহরের তের রতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইডি কার্ড নিয়ে ভোট দিতে গেলে অনেকের ভোট নেওয়া হয়নি।" নির্বাচন পর্যবেক্ষক জানিপপের সিলেটের সমন্বয়কারী আব্দুল মুকিত বলেন, "এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সার্বিক অবস্থা সন্তোষজনক হলেও ভোট গ্রহণ প্রক্রিয়া অনেকটা মন্থর।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/আরএইচএন/এএনএস/এমইউএ/এমআই/জিএনএ/১৫৪৫ ঘ.