২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির পর কারাফটক থেকে আবার গ্রেপ্তার মোক্তাদির

জামিনে মুক্তির পরপরই রোববার কারা ফটক থেকে আবার গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ওবায়দুল মোক্তাদির চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 06:38 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তির পরপরই রোববার কারা ফটক থেকে আবার গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ওবায়দুল মোক্তাদির চৌধুরী। জরুরি বিধিমালায় গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ ফারুক হোসেন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে ওবায়দুল মোক্তাদির চৌধুরীকে মুক্তি দেওয়া হয়। গুলশান থানার উপ পরিদর্শক অশোক চৌহান জানান, মুক্তির পরপরই ওবায়দুল মোক্তাদিরকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করা হয়। তাকে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে চৌহান জানান। ওবায়দুল মোক্তাদির চৌধুরী ও তার স্ত্রী অধ্যাপিকা ফাহিমা খাতুন দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় গত ২০ মে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। আয়ের সঙ্গে সঙ্গতিহীন ১ কোটি ১৬ লাখ ২২ হাজার টাকার সম্পদ অর্জন এবং কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ৭৩ লাখ ৫৮ হাজার ৬১৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে কমিশনের সহকারী পরিচালক নাসির উদ্দিন আহমেদ গত বছর ৪ নভেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করেন। ফাহিমা খাতুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে স্বামীকে সহযোগিতার অভিযোগ আনা হয়। গত ১৮ মে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। মামলাটি সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতে বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/০০৩১ ঘ.