ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শনিবার গভীর রাতে র্যাবের 'ক্রসফায়ারে' জাহিদুল ইসলাম মানিক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
র্যাব জানিয়েছে, নিহত মানিক ওরফে বড় মানিক পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইমনের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে।
নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান খান জানান, শনিবার রাত ১টার দিকে র্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যানে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করলে র্যাবও পাল্টা গুলি চালায়।
শামসুজ্জামান বলেন, ৫/৬ মিনিট গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। পরে ওই এলাকায় র্যাব সদস্যরা মানিকের মৃতদেহ পায়।
সেখান থেকে একটি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
মানিকের চাচা রফিকুল ইসলাম বকুল দু' দফায় পাবনা সদর আসনের সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২২২৯ ঘ.
bdnews24