নড়াইল, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ১০ আগস্ট রোববার নড়াইলে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন যৌথভাবে কর্মসূচি হাতে নিয়েছে।
শনিবার ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক আব্দুল কাইউম সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮ টায় শিল্পীর সমাধিতে পুস্পস্তবক অর্পন, মাজার জিয়ারত, কোরআন খানি ও মিলাদ মাহফিল। সকাল ১০ টায় শিশুস্বর্গে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ১১ টায় নড়াইল ডাকবাংলো থেকে শিশুস্বর্গ পর্যন্তু র্যালি, ১২ টায় শিশুস্বর্গে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং দুপুরে চিত্রা নদীতে নৌকা বাইচ।
এছাড়া প্রতিবছরের মতো এবারও ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্তু সপ্তাহব্যাপী সুলতান মেলা হবে।
১৯২৩ সালের ১০ আগস্ট শিল্পী এসএম সুলতান নড়াইলে জন্ম নেন। তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন ১৯৩৮ সালে। তিন বছর পর পড়া ছেড়ে দিয়ে ভারতের সিমলা কাশ্মিরসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করেন তিনি। একই সঙ্গে তিনি ছবি আঁকাও চালিয়ে যান। দেশ বিভাগের পর তিনি পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড ভ্রমণ করেন।
শিল্পী সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৬ সালে বাংলাদেশ চারু শিল্পী সংসদ পুরুস্কার ও ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন। ১৯৯৪ সালে তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪২ ঘ.
bdnews24