রাজশাহী, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের পর্যবেক্ষকদের তালিকা শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রকাশ না করায় আওয়ামী লীগের কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা দাবি করেন, নির্বাচন কমিশন সচিবালয় গত ২২ জুলাইয়ের এক চিঠিতে স্থানীয় ও ভ্রাম্যমাণ নির্বাচন পর্যবেক্ষকদের তালিকা ১৫ দিন আগে প্রকাশের জন্য বলে দিয়েছে। অথচ উপ-নির্বাচন কমিশন কার্যালয় সে তালিকা প্রকাশ করেনি।
সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাইয়িদ, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেন ও আলহাজ ওমর ফারুক চৌধুরী এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।
তারা রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য এসেছেন বলেও জানান।
এর আগে বিকেলে আওয়ামী লীগের এ তিন নেতা উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসার সঙ্গে সাক্ষাত করে এ বিষয়ে জানতে চান।
সৈয়দ মোহাম্মদ মুসা সাংবাদিকদের জানান, শনিবার রাতের মধ্যেই নির্বাচন পর্যবেক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের বলেন, যেখানে ১৫দিন আগে পর্যবেক্ষকেদর তালিকা প্রকাশ করার কথা সেখানে নির্বাচনের ২৪ ঘন্টা আগেও সেই তালিকা প্রকাশ না করা রজস্যজনক। এটাকে তারা সরকার ও নির্বাচন কমিশনের 'উদাসীনতা' ও 'অমার্জনীয় অপরাধ' বলেও অভিহিত করেন।
তারা বলেন, এ ধরনের কর্মকান্ড দুরভিসন্ধিমূলক। এর ফলে গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রার্থীদের মধ্যে ব্যাপক সন্দেহের উদ্রেক হয়েছে।
তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ না করায় প্রার্থীরা কারও ব্যাপারে লিখিতভাবে আপত্তি দাখিল করতে পারেননি। এতে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ফলে বিভিন্ন দলীয় ক্যাডাররা দায়িত্ব পালনের সুযোগ পেয়ে যাবে।
তারা জানান, রিটার্নিং অফিসারের অফিসে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৯টি সংস্থার ১ হাজার ৯৩ জন পর্যবেক্ষকের সংখ্যা তাদের কাছে রয়েছে। তবে সংস্থালোর পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং পর্যবেক্ষকদের নামের তালিকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.
bdnews24