২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েত ও সৌদি থেকে আরও ২২৪ শ্রমিক ফেরত

কুয়েত ও সৌদি আরব থেকে আরও ২২৪ জন বাংলাদেশী শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে। শনিবার জিয়া বিমানবন্দরে পৌঁছনো এ শ্রমিকদের মধ্যে ১৩৯ জন সৌদি আরব এবং ৮৫ জন কুয়েত থেকে ফেরত এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 08:06 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েত ও সৌদি আরব থেকে আরও ২২৪ জন বাংলাদেশী শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে। শনিবার জিয়া বিমানবন্দরে পৌঁছনো এ শ্রমিকদের মধ্যে ১৩৯ জন সৌদি আরব এবং ৮৫ জন কুয়েত থেকে ফেরত এসেছেন। এ নিয়ে গত কয়েকদিনে কুয়েত থেকেই ফেরত এলেন ৩১৩ জন বাংলাদেশী। আর সৌদি আরব থেকে পাঠানো হলো ২৫৭ জনকে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজা বেগম শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইয়ামেনি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে শনিবার ১৩৯ বাংলাদেশী শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফেরত এসেছেন। তাদেরকে আউট পাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে।" একই সময়ে কুয়েত থেকে আরও ৮৫ শ্রমিকও ফেরত এসেছেন বলে মাহফুজা বেগম জানান। আইন লঙ্ঘন, পাসপোর্ট ও কাজের অনুমতি ছাড়া বাস করার অভিযোগে গত মঙ্গলবার সৌদি সরকার ১১৮ শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠায়। অপরদিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত সপ্তাহে ধর্মঘটের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরে জড়িত সন্দেহে কুয়েত সরকার বাংলাদেশী শ্রমিকদের ফেরত পাঠানো শুরু করে। শনিবার পর্যন্ত মোট ৩১৩ শ্রমিক ওই দেশ থেকে ফেরত এসেছেন। পারিশ্রমিক বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়নের দাবিতে কুয়েতে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকরা গত রোববার থেকে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করে। এদের মধ্যে কেউ কেউ সারা মাস কাজ করে মাত্র ৮ দিনার (৩০ ডলার বা ২ হাজার টাকার কিছু বেশি) পান বলে অভিযোগ আছে। ধর্মঘটী শ্রমিকদের মধ্যে কুয়েত পুলিশ কমপক্ষে ৮০০ বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তার করে। দোষী সাব্যস্ত না হওয়ায় এদের মধ্যে ৩০০ জনকে বুধবার ছেড়ে দেওয়া হয়। কুয়েত পুলিশ বিক্ষোভের ভিডিও ফুটেজ ও ছবি দেখে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে। দোষীদের দেশে ফেরত পাঠিয়ে ফেরত পাঠানোর বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে কুয়েত সরকার। তবে বাংলাদেশী শ্রমিকরা অভিযোগ করেছেন, দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে তাদের গ্রেপ্তার করছে। দেশে ফেরত পাঠানোর জন্য তাদের উপর নির্যাতন করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এমআই/১৪০৬ ঘ.