গাজীপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে শিগগিরই একটি শিক্ষা বিষয়ক টেলিভিশন চ্যানেল চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, "শিক্ষা চ্যানেল এখন সময়ের দাবি। এর মাধ্যমে শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ঘটবে।"
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে মিডিয়া সেন্টার পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা সচিব, সাংবাদিক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, শিক্ষা বিষয়ক টিভি চ্যানেল চালুর জন্য প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মিডিয়া সেন্টার ব্যবহার করা হবে।
শিক্ষা উপদেষ্টা বাউবি ক্যাম্পাসে এলে উপাচার্য অধ্যাপক ড. এম ফরিদ আহমেদ তাকে স্বাগত জানান। পরে উপদেষ্টা মিডিয়া সেন্টারের অবকাঠামো, বিভিন্ন স্টুডিও, এ্যাডিটিং প্যানেল, ট্রান্সমিশন ইউনিট ও ট্রান্সমিশন সিস্টেম, প্রিভিউ থিয়েটারসহ কারিগরি ও ভৌত সুযোগ সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন- শিক্ষা সচিব মো. মোমতাজুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কামাল উদ্দিন আহমেদ, বেতারের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ জেড এম শফিকুল আলম, গাজীপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24