২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে চুরি যাওয়া শিশু পটুয়াখালীতে উদ্ধার

রাজধানীর হাতিরপুল থেকে চুরি যাওয়া ১০ মাসের শিশু তিন্নিকে বৃহস্পতিবার পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেলে স্থানীয় আদালতের মাধ্যমে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

পটুয়াখালী, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর হাতিরপুল থেকে চুরি যাওয়া ১০ মাসের শিশু তিন্নিকে বৃহস্পতিবার পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেলে স্থানীয় আদালতের মাধ্যমে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। শিশু চুরির অভিযোগে গৃহকর্মী লায়লা আক্তার মালাকে (১২) আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে হাতিরপুল এলাকার ব্যবসায়ী নুরুল আবসারের স্ত্রী মুক্তা বেগম তার ১০ মাসের মেয়ে তিন্নিকে নিয়ে গাউসিয়া মার্কেটে যান। গৃহকর্মী মালাও তার সঙ্গে ছিল। মার্কেট থেকে ফেরার পথে একটি দোকানে দুধ কেনার সময় মালার কাছে তিন্নিকে দিয়ে তাকে বাসায় চলে যেতে বলেন মুক্তা। এরপর থেকে তিন্নি ও গৃহকর্মী মালা দ্জুনই নিখোঁজ ছিল। পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক মুনির হোসেন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের কলেজ রোড এলাকা থেকে শিশু তিন্নিকে উদ্ধার করা হয়। তাকে চুরি করে নিয়ে আসা গৃহকর্মী লায়লা আক্তার মালাকেও (১২) আটক করা হয়েছে। তিনি জানান, স্থানীয় ক্রীড়া সংগঠক আবুল হাওলাদার খবর দিলে পুলিশ মালাকে আটক করে থানায় নিয়ে যায়। শিশু তিন্নিকে দেওয়া হয় আবুল হাওলাদারের স্ত্রী নাছিমা আক্তার এর হেফাজতে। এ ব্যাপারে ঢাকার ধানমণ্ডি থানায় একটি মামলা হয়েছে বলেও উপ-পরিদর্শক মুনির জানান। আবুল জানান, মালা লোকজনকে বলেছে ঢাকায় সে পথ হারিয়ে ফেলায় বাসা খুঁেজ পাচ্ছিল না। এ কারণে সে শিশুটিকে নিয়ে পটুয়াখালীতে নিজের বাড়ি চলে আসে। উদ্ধারের খবর পেয়ে বিকেল সাড়ে চারটার তিন্নির বাবা-মা পটুয়াখালী পৌঁছান। এর পর পটুয়াখালী মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে তিন্নিকে হাজির করা হয়। হাকিম কাজী গোলাম সারোয়ার বাবা-মা'র কাছে তাকে হস্তান্তর করার নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪৪ ঘ.