২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাতে কলম্বো যাচ্ছেন প্রধান উপদেষ্টা

শ্রীলংকায় অনুষ্ঠেয় পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাতে কলম্বো যাচ্ছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বিকেলে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলংকায় অনুষ্ঠেয় পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাতে কলম্বো যাচ্ছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বিকেলে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা আজ (বৃহস্পতিবার) রাত ১১টা ৫৫ মিনিটে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২ ও ৩ আগস্ট সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে ৪ আগস্ট রাতে তিনি ঢাকা ফিরবেন।" প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ড. ফখরুদ্দীন। গত বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তরা জানান, ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে তার স্ত্রী নীনা আহমদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব আলী ইমাম মজুমদার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কলম্বো যাবেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ও সচিব মো. তৌহিদ হোসেন এর আগেই শ্রীলঙ্কা গেছেন। সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে ফখরুদ্দীন আহমদ ভাষণ দেবেন। এছাড়া, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার শীর্ষ নেতাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। গত ২৭ ও ২৮ জুলাই সার্ক প্রোগ্রামিং কমিটির বৈঠক (ডিজি পর্যায়ে) এবং ১৯ ও ৩০ জুলাই স্ট্যান্ডিং কমিটির (সচিব পর্যায়ে) বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার থেকে চলছে সার্ক কাউন্সিল অফ মিনিস্টার্স (মন্ত্রী পর্যায়ে) বৈঠক। শুক্রবার এ বৈঠক শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসএনডি/এমএইচবি/১৯২০ ঘ.