চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার সাতকানিয়া পৌরসভার গোয়াজর এলাকায় মঙ্গলবার রাতে ডাকাতদের গুলিতে নুরুল আমিন (৩২) নামে একজন নিহত হয়েছে। ডাকাতদল তিনটি বাড়ি থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।
একটি জাতীয় দৈনিকের সাতকানিয়া সংবাদদাতা নাজিমুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ২টার দিকে গোয়াজরের আইয়ুব, তৈয়ব ও জহিরের বাড়িতে একসঙ্গে ১৫ থেকে ২০ জনের ডাকাতদল হানা দেয়। এ তিন পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় নুরুল আমিনসহ আরো কয়েকজন ডাকাতদের প্রতিরোধ করতে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান নুরুল আমিন।
ডাকাতরা তিনটি বাড়ি থেকে মোবাইল, স্বর্ণালংকার ও নগদসহ এক লাখ টাকার মালামাল লুট করে বলেও জানান তিনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আব্দুল ওয়াজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতদের গুলিতে এক যুবক নিহত হওয়ার পরপরই তারা অভিযান চালিয়ে আটজনকে আটক করেছেন।
এ ব্যাপারে মামলা করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/
bdnews24