২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী, গোপালগঞ্জ ও সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নরসিংদী, গোপালগঞ্জ ও সাভারে চারটি সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ চারজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী, গোপালগঞ্জ ও সাভারে চারটি সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ চারজন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি জানান, মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন নরসিংদী-মনোহরদী সড়ক দিয়ে বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে বাসের চাপায় এক ছাত্র নিহত ও আরেক ছাত্র গুরুতর আহত হয়। নিহত ছাত্র সাজনের (১৩) বাড়ি মনোহরদী উপজেলার চন্দনবাড়ি গ্রামে। সে মনোহরদী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। দুর্ঘটনায় গুরুতর আহত একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র নাঈমকে মনোহরদী তাজ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নরসিংদীর পুলিশ সুপার মোহম্মদ আলী মিয়া জানান, সকাল নয়টার দিকে সাজন তার চাচাতো ভাই নাঈমকে নিয়ে সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে মঠখোলা থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। পুলিশ বাসের চালক শ্যামলকে আটক করেছে মোহম্মদ আলী জানান। এ ব্যাপারে মনোহরদী থানায় মামলা দায়ের হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে দু'টি সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছে। গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের করপাড়া ও বৌলতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর গ্রামের কৃষক সৈয়দ সিকদার (৬০) ও কৃষ্ণপুর গ্রামের নকুল বালা (৭০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, সৈয়দ সিকদার বুধবার বিকেলে করপাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনা নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া একই সড়কে বৌলতলীতে দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় নকুল বালা ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলটি পালিয়ে যায়। সাভার প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল সড়কের ঘোষবাগ এলাকায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় তৈরি পোশাক কারখানার শ্রমিক মনিরুজ্জামান (২৭) নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। মনিরুজ্জামানের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর এলাকায়। তিনি ঘোষবাগ এলাকার সোনিয়া সোয়ের্টারস নামের কারখানায় অপারেটর পদে কাজ করতেন। আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে টাঙ্গাইলগামী এপি পরিবহনের একটি বাস মনিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে জামগড়া স্ট্যান্ড থেকে পুলিশ বাসটি আটক করলেও এর চালককে ধরা যায়নি। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২০১৮ ঘ.