২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ও পৌর নির্বাচনের তফসিলের বিরুদ্ধে রিটের শুনানি শুরু

সিটি ও পৌর নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণার দাবিতে করা রিটের ওপর বুধবার হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবারও শুনানি চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি ও পৌর নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণার দাবিতে করা রিটের ওপর বুধবার হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবারও শুনানি চলবে। দুপুরে বিচারপতি এ বি এম খায়রুল হক ও মো. আবু তারিকের বেঞ্চ এই রিটের ওপর শুনানি শুরু করে। জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট জসিমউদ্দীন সরকার গত ৬ জুলাই এই রিট আবেদন করেছিলেন। রিটকারী পক্ষে বুধবার শুনানিতে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান বলেন, নির্বাচন কমিশন বিধি তৈরি করে রাজনৈতিক দলগুলোকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রেখেছে। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশনকে এই বিধি প্রণয়নের ক্ষমতা দিয়েছে। অথচ বিষয়টি রাষ্ট্রপতির নীতিগত সিদ্ধান্তের মধ্যে পরে। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি এ অধ্যাদেশ জারি করতে পারেন না। এ সময় আদালত নির্বাচন কমিশনের কাছে জানতে চান, কোন ক্ষমতাবলে রাজনৈতিক দলগুলোকে স্থানীয় নির্বাচন থেকে বিরত রাখা হয়েছে? নির্বাচন কমিশনের পক্ষে ড. শাহদীন মালিক শুনানিতে বলেন, দেশে জরুরি অবস্থা চলছে বলে এমনিতেই রাজনৈতিক দলগুলোর কোনো কার্যক্রম নেই। তাই স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। নির্বাচন কমিশন গত ২০ জুন চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ৪ আগস্ট এসব নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ হওয়ার কথা। এর আগে গত ১২ মে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ও স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২০০৩ঘ.