রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষায় পাহাড়ি জনপদে আতঙ্ক হয়ে আসে ম্যালেরিয়া। মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময়ে মশা ও পানিবাহিত ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটে। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখ করার মতো কমেনি।
দেশে ম্যালেরিয়াপ্রবণ ১৩ জেলার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পাবর্ত্য জেলা অন্যতম। তবে এর মধ্যে তিন পার্বত্য জেলায় রোগটির প্রাদুর্ভাব তুলনামূলকভাবে বেশি। কিন্তু এ অঞ্চলে বিশেষায়িত কোনো হাসপাতাল গড়ে ওঠেনি। এমনকি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ম্যালেরিয়া রোগীদের জন্য আলাদা ওয়ার্ড নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মার্চ থেকে জুন পর্যন্ত প্রতিমাসেই ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ বছরের জুন পর্যন্ত ছয় মাসে এ অঞ্চলে মারা গেছে ৯৯ জন। আক্রান্ত হয়েছে ২২ হাজার ৬৯১ জন। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় মারা গেছে সবচেয়ে বেশি ৩৯ জন। সর্বোচ্চ ১০ হাজার ৯৯৫ জন আক্রান্ত হয়েছে রাঙামাটিতে। এদের মধ্যে মারা গেছে ১৬ জন।
২০০৩ থেকে গত পাঁচ বছরে এ অঞ্চলের সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে এসে মারা গেছে দুই হাজার ৫২ জন।
এ সময়ের মধ্যে গড়ে প্রতি বছর ৫০ হাজারের বেশি মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে। চার ধরনের ম্যালেরিয়া জীবাণুর মধ্যে মারাত্মক প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামে (চষধংসড়ফরঁস ঋধষপরঢ়ধৎঁস) আক্রান্ত হয়েছে অর্ধেকের বেশি। তবে বাস্তবে আক্রান্ত এবং মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করা হয়। কারণ যারা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আসে না বা আসার সুযোগ পায় না তাদের হিসাব নেই।
রাঙামাটির নানিয়ার চরের বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোমালিয়া চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাহাড়িদের মধ্যে ম্যালেরিয়া ভীতি কাজ করলেও তারা মশারি বা কয়েল ব্যবহারে উৎসাহী নয়। ম্যালেরিয়া হলে স্থানীয় চিকিৎসা পদ্ধতির উপর বেশি নির্ভর করে গ্রামবাসী। অবস্থার বেশি অবনতি হলেই কেবল রোগীদের হাসপাতালে নেওয়া হয়।"
তিনি জানান, দুর্গম পাহাড়ি জনপদে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ও চিকিৎসায় সরকারি বা বেসরকারি উদ্যোগ অপ্রতুল। এ বিষয়ে লোকজনকে সচেতন করার প্রচারণাও তেমন একটা নেই।
বর্ষায় ম্যালেরিয়া সবচেয়ে বেশি ছড়ালেও বছর জুড়েই পাহাড়ি এলাকার মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করে বলে জানিয়েছেন খাগড়াছড়ির সাংবাদিক চাই থোয়াই মারমা।
তিনি বলেন, "ম্যালেরিয়া প্রতিরোধে শহর এলাকায় সচেতনতা দেখা গেলেও প্রত্যন্ত এলাকার মানুষজন এ নিয়ে তেমন গা করে না।"
চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের কীটতত্ত্ববিদ মফিজুল হক শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি হাসপাতালের বাইরে চিকিৎসা নেওয়া রোগী ও মৃতের সঠিক তথ্য জানা যায় না।"
এমন রোগী ও মৃতের সংখ্যা এক/দুই শতাংশের বেশি হবে বলে তিনি জানান।
তিনি জানান, দেশের ঝুঁকিপূর্ণ ১৩টি জেলার অন্যগুলো হল- কুড়িগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।
মফিজুল হক বলেন, "অ্যানোফেলিস জাতীয় স্ত্রী মশার কামড় ও পানির মাধ্যমে ম্যালেরিয়ার জীবাণু ছড়ায়। তবে এ অঞ্চলে ছয় প্রজাতির মশা ম্যালেরিয়ার জীবাণু বহন করে। ম্যালেরিয়ার চার ধরনের জীবাণু রয়েছে। এগুলো হল- প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভ্যাল। এর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম সবচেয়ে মারাত্মক।"
চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ও চিকিৎসায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি বর্তমানে ব্র্যাক এ অঞ্চলে কাজ করছে। সরকার জেনেভাভিত্তিক গ্লোবাল ফান্ডের অনুদানে জিএফএটিএম (গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকোলসিস অ্যান্ড ম্যালেরিয়া) প্রকল্প বাস্তবায়নের কাজ ব্র্যাককে দিয়েছে।"
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে চলমান এ প্রকল্পের লক্ষ্য ২০১০ সালের মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনা এবং বিনামূল্যে চিকিৎসা দেওয়া।
গ্লোবাল ফান্ড ২০০৭ সালে বাংলাদেশে এইডস, যক্ষা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ও চিকিৎসায় ৩৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। সরকার এ কাজের সহযোগী হিসেবে ব্র্যাককে বেছে নেয়। ব্র্যাক নিজে এবং ১৫টি বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে এ বছর ফেব্র"য়ারি থেকে দেশব্যাপী কাজ শুরু করেছে।
স
bdnews24