২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাম: ফিলিস্তিন ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুলে ধরেছেন কৃষি উপদেষ্টা

জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) মন্ত্রিপর্যায়ের সম্মেলনে যোগ দেওয়া কৃষি উপদেষ্টা সি এস করিম ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের বর্তমান ও ভবিষ্যৎ ফলাফলের ওপরও জোর দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) মন্ত্রিপর্যায়ের সম্মেলনে যোগ দেওয়া কৃষি উপদেষ্টা সি এস করিম ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের বর্তমান ও ভবিষ্যৎ ফলাফলের ওপরও জোর দিয়েছেন। ইরানের রাজধানী তেহরানের ওআইসি সম্মেলন কেন্দ্রে ন্যাম মন্ত্রিপর্যায়ের পঞ্চদশ সম্মেলনে তিনি এসব কথা জানান বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বুধবার দু'দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। উপদেষ্টা পারমাণবিক নিরস্ত্রীকরণের পাশাপাশি দুই কোরিয়ার একত্রীকরণে বাংলাদেশের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। খাদ্য নিরাপত্তার বর্তমান বৈশ্বিক ইস্যুর বিষয়েও সবার দৃষ্টি আকর্ষণ করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হল 'সলিডারিটি ফর পিস অ্যান্ড জাস্টিস' (শান্তি ও ন্যায়বিচারের জন্য সংহতি)। সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ফিলিস্তিন, নিরস্ত্রীকরণ, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাস, খাদ্য নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা ইত্যাদি। উদ্বোধনী ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন,"সারাবিশ্ব এমন একটি নতুন পর্যায়ে যাচ্ছে যেখানে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে মানুষের অধিকার সংরক্ষণ করা যেতে পারে।" তিনি আরো বলেন, "ন্যাম এখন এ নতুন যুগে এসে আগের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে বৈশ্বিক পার্থক্য মেটানো, বৈষম্য দূর ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার পাশাপাশি বিশ্ব শান্তির দূত হয়ে উঠতে পারে।" সম্মেলনে ৭০টিরও বেশি দেশ অংশ নিয়েছে। এ সম্মেলনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। কৃষি উপদেষ্টা সি এস করিমের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এতে যোগ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৮১১ঘ.