ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের আওতায় নতুন নিয়োগের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে এ অধ্যাদেশের বৈধতার ব্যাখ্যা দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ এ আদেশ দেয়।
রাষ্ট্রপতি গত ১৮ মে অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ জারি করেন। এর বিরুদ্ধে রিটকারী আইনজীবীরা হলেন- আবদুল মান্নান খান, চঞ্চল কুমার দত্ত ও খন্দকার আনজুমান আরা শেলী।
হাইকোর্টে শুনানিতে রিটকারীদের আইনজীবী মাহবুবে আলম বলেন, "সংবিধানের ৫৮ (ঘ) ও ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংক্রান্ত ছাড়া কোনও অধ্যাদেশ জারি করতে পারেন না। অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ জরুরি প্রয়োজন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ের মধ্যে পড়ে না। তাই এই অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত।"
তিনি আরও বলেন, "অ্যাটর্নি জেনারেলের পদ সাংবিধানিক পদ। অ্যাটর্নি জেনারেল অফিস স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা রাখে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা অ্যাটর্নি জেনারেল অফিসেরই অংশ।
কিন্তু অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশে অ্যাটর্নি জেনারেল অফিসের সাংবিধানিক ও স্বাধীন চরিত্র ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কেবল অ্যাটর্নি জেনারেলকে স্বাধীন রেখে অপর সব কর্মকর্তাদের নির্বাহী কর্তৃপক্ষের অধীনে রাখা হয়েছে।"
তিন আইনজীবীর রিট আবেদনে বলা হয়, " ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের অ্যাটর্নি জেনারেলের অধীনে থাকাই বাঞ্ছনীয়। কিন্তু অধ্যাদেশে অ্যাটর্নি জেনারেল ছাড়া অন্য আইন কর্মকর্তাদের যুগ্ম সচিব পদ মর্যাদার এক ব্যক্তির অধীনে রাখা হয়েছে। এছাড়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদটি অতিরিক্ত সচিবের সমান মর্যাদার। তাহলে কীভাবে তিনি যুগ্ম সচিবের অধীনে কাজ করবেন?"
শুনানি শেষে হাইকোর্ট ওই অধ্যাদেশ কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে। পাশাপাশি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের আওতায় নতুন নিয়োগের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়।
শুনানিতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাঈমা হায়দার ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহমুদা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এমএইচবি/১৮৩৪ ঘ.
bdnews24