ঢাকা, জুুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন ব্রিটিশ সরকার স্থানীয় সরকার নির্বাচনকে স্বাগত জানিয়েছে।
ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স সোমবার সচিবালয়ে সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
রাশেদা চৌধুরী বলেন, "ব্রিটিশ হাইকমিশনার স্থানীয় সরকার নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নারীর ক্ষমতায়ন প্রাথমিক শিক্ষাখাতকে আরো অগ্রগতি অর্জনে সহায়তা করবে।"
উপজেলা নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর বিরোধিতা সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনার কোন মন্তব্য করেছেন কিনা জানতে চাইলে নারী ও শিশু , সংস্কৃতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি। তবে ব্রিটিশ সরকার যে স্থানীয় সরকার নির্বাচন চায় এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।"
ব্রিটিশ হাইকমিশনার এদিন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দারের সঙ্গেও বৈঠক করেন।
বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে নির্বাচন-পূর্ব প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পন্ন করতে ইতোমধ্যে ব্রিটিশ সরকার ১৮ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে। স্বভাবত ব্রিটিশ সরকার আশা করে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। "
তিনি বলেন, "আশা করি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার সরকার তার সবকিছু করবে।"
রাশেদা কে চৌধুরী ও মানিক লাল সমাদ্দারের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনার বলেন, "এটা আমার নিয়মিত কাজ।
রাষ্ট্রদূত জানান, উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সঙ্গে তিনি জেন্ডার ইস্যু ও প্রাথমিক শিক্ষায় বাংলাদেশের সাফল্য নিয়ে আলোচনা করেছেন।
ব্রিটিশ সরকার বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে অন্যতম সহায়তাকারী একথা উল্লেখ করে ব্রিটিশ দূত বলেন, "আশা করছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় সহস্রাব্দ লক্ষ্য অর্জনে খুব দ্রুত সফল হবে।"
প্রধান উপদেষ্টার মৎস্য ও পশু সম্পদ বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে স্টিফেন ইভান্স বলেন, "ব্রিটিশ সরকার বাংলাদেশের মৎস্য ও পশু সম্পদ রপ্তানিতে সহায়তা করতে চায়। এ বিষয় নিয়ে তার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। রপ্তানিযোগ্য মৎস্য ও পশুসম্পদের মান নিশ্চিত করতে একটি পরীক্ষাগার স্থাপন করতে ব্রিটিশ সরকার বাংলাদেশকে সহযোগিতা করবে।"
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এসকে/১৭৩৫ঘ.
bdnews24