মৌলভীবাজার, জুলাই ২৮ (বিডিনিউজ টোন্টেটিফোর ডটকম) - সম্মানীভাতা বাড়ানো, পানি, গ্যাস ও বিদ্যুৎ সুবিধা দেওয়াসহ বিভিন্ন দাবিতে সোমবার শ্রীমঙ্গলে মানববন্ধন করেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
শহরের চৌমুহনী চত্ত্বরে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে তারা রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান বরাবর লিখিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করেন।
ইউএনও সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে তা পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুল কাদির বলেন, "যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এক সরকারের সিদ্ধান্ত আরেক সরকার এসে পরিবর্তন করে। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হলেও বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের অনেকের ঘর নেই, বাড়ী নেই, অনেকেই পাচ্ছে না ভাতা। মুক্তিযোদ্ধাদের কাছে এর চেয়ে বড় লজ্জার আর কিছু নেই।"
অবিলম্বে তাদের ভাতা বাড়ানোসহ সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন- শ্রীমঙ্গলের ২৬ যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এদের মধ্যে কয়েকজন হলেন- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আমিরুল ইসলাম ও শহীদ মুক্তিযোদ্ধা জৈন উল্যার স্ত্রী বানেছা বেগম, আলী আকবরের স্ত্রী লালমতি বেগম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24