২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক: খাদ্য, জ্বালানি, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনে গুরুত্ব দেবে বাংলাদেশ

পঞ্চদশ সার্ক সম্মেলনে খাদ্য, জ্বালানি, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 11:20 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সার্ক সম্মেলনে খাদ্য, জ্বালানি, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য সার্কের মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। ইফতেখার আহমদ বলেন, "বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর ওপর বিশেষ জোর দেওয়া হবে। বিশেষ করে খাদ্য, জ্বালানি, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ সার্কভুক্ত দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করবে।" উপদেষ্টা জানান, বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয়ে সুর্নির্দিষ্ট প্রস্তাব থাকবে। এ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে বাংলাদেশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত (সার্ক) দেশগুলোর মন্ত্রিপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন। সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, অপরাধ দমনে সহযোগিতা বিষয়ে একটি সম্মেলন আয়োজনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইতোমধ্যে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশের প্রতিনিধিদল তাকে জানিয়েছে। সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অরগানাইজেশনের সদর দপ্তর ঢাকায় প্রতিষ্ঠার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/১৭০৯ঘ.